হুন সেন, আপনি কি শুনছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার লৌহমানব হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী হুন সেনকে ১৫ হাজার রিয়াল জরিমানা করেছে দেশটির ট্রাফিক পুলিশ। হুন সেন মাথায় হেলমেট না পরেই দেশটির কোহ্ কং প্রদেশে মোটরসাইকেল চালাচ্ছিলেন। প্রধানমন্ত্রী সেন এ জন্য দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এদিকে এ ঘটনায় ‘বাংলার উড়াধুড়া মোটরসাইকেল মালিক সমিতি’ তীব্র প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে রস+আলোর দপ্তরে।

জনাব হুন সেন,
আপনার নামের উচ্চারণ হচ্ছে ‘হুনসেন’, সোজা বাংলায় শুনছেন। আমরা ধরে নিতে পারি, আপনি সবার কথাই শুনতে পছন্দ করেন। যদি তা–ই হয়, তাহলে আমরা আশা করি এই প্রতিবাদলিপি আপনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনছেন।
গত সপ্তাহে প্রথম আলোয় প্রকাশিত খবরের সূত্র ধরে জানতে পারলাম, হেলমেট না পরে মোটরসাইকেল চালানোয় পুলিশ আপনাকে জরিমানা করেছে। এবং আপনিও নাকি সেই ঘটনায় ক্ষমা চেয়েছেন! এই সংবাদে ‘বাংলার উড়াধুড়া মোটরসাইকেল মালিক সমিতি’র প্রত্যেক সদস্যের মনে তীব্র ক্ষোভ, হতাশা ও প্রতিবাদের ঝড় উঠেছে। যেখানে আমরা তিলে তিলে ‘খোলা মুখে ধুলা খাই, হেলমেটবিহীন পৃথিবী চাই’ নামক একটি বৈজ্ঞানিক, বাস্তবসম্মত আন্দোলন গড়ে তুলছি, সেখানে আপনার এই পদক্ষেপ একটি লজ্জাজনক দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে।
হেলমেট না পরে মোটরসাইকেল চালানো একটি বিজ্ঞানসম্মত, আধুনিক ও কাব্যিক পদ্ধতি। স্বয়ং রবীন্দ্রনাথ আমাদের পারমিশন দিয়ে গেছেন এই বলে—
‘আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ ক’রে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।’
এই কবিতায় ‘পুচ্ছটি’ বলতে কবি মোটরসাইকেল বুঝিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একজন ড্যাম স্মার্ট কবি ও জ্যোতিষী ছিলেন। তিনি সে আমলেই বুঝতে পেরেছিলেন, বাংলার দামাল ছেলেরা একদিন এমটিভির ‘রোডিস’ দেখে ফাঁকা রাস্তা পেলেই হেলমেট না পরে বাইক স্টান্ট করবে। এবং আজকাল সেটাই হচ্ছে। আর ঠিক এ কারণেই আমরা, মানে ‘বাংলার উড়াধুড়া মোটরসাইকেল মালিক সমিতি’র প্রত্যেক সদস্য মনে করি, হেলমেট না পরে বাইক চালানো প্রত্যেকের মৌলিক অধিকার। যদিও ট্রাফিক পুলিশ শুরু থেকেই আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করে আসছে। তারা প্রতিমুহূর্তে আমাদের ‘ওড়া’র পথে বাধা তৈরি করে। কিন্তু আমরা জানি, ‘ওড়া’র পথে বাধা থাকবেই। তাই বলে থেমে থাকা যাবে না। এ জন্য ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে চলাই আমাদের একমাত্র সমাধান। এভাবেই আমরা বছরের পর বছর ধরে একটা সিস্টেম চালু করে ফেলেছি। অথচ আপনার এই ন্যক্কারজনক ঘটনা আমাদের এত দিনের পরিশ্রম ধুলোয় মিশিয়ে দিতে বসেছে।
আপনি হলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। আপনার তো পুলিশ ম্যানেজ-ট্যানেজের বালাই নেই, কষে একটা ধমক দিলেই হয়। অথচ আপনি কিনা জনগণের কাছে সরাসরি ক্ষমা চেয়ে বসলেন! এই মাথা নিয়ে আপনি কী করে প্রধানমন্ত্রী হলেন, সেটা আমাদের হেলমেটবিহীন মাথায় কিছুতেই ঢুকছে না। তবে আপনার কর্মকাণ্ড দেখে এটুকু নিশ্চিত হয়ে বলতে পারি, এভাবে চললে আপনার পতন হতে আর বেশি দিন বাকি নেই। তাই বলছি কি, সময় থাকতে সাবধান হন। দরকার হলে কিছুদিন বাংলাদেশে এসে ঘুরে যান। শিক্ষা নিয়ে যান কীভাবে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে হয়, পুলিশ ম্যানেজ করতে হয় এবং সর্বোপরি কীভাবে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে হয়।
ধন্যবাদান্তে
চান্নু মাইক
সভাপতি
বাংলার উড়াধুড়া মোটরসাইকেল মালিক সমিতি

পুনশ্চ
সামনের সপ্তাহ থেকে আমরা নতুন আন্দোলন শুরু করছি—হকারমুক্ত ফুটপাত চাই। হকারদের যন্ত্রণায় ইদানীং ফুটপাতে ঠিকমতো মোটরসাইকেল চালানো যাচ্ছে না। সে কারণেই এই আন্দোলনের আয়োজন। সেখানে আপনিও সবান্ধব আমন্ত্রিত।