হুমকির মুখে ডিজিটাল ক্যামেরার বাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল কমপ্যাক্ট ক্যামেরার বাজার হুমকির মুখে পড়েছে। বিশেষ করে অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি বাজারে আসার পরই অবিশ্বাস্যভাবে বিক্রি কমেছে ডিজিটাল ক্যামেরার। শুধু ক্যামেরা নয় ভিডিও গেম খেলার ও বহনযোগ্য গান শোনার যন্ত্রের বাজারও হুমকির মুখে পড়েছে। ছবি তোলার সুবিধা-সংবলিত স্মার্টফোন বাজারে আসার পর লোকজন আর ডিজিটাল কমপ্যাক্ট ক্যামেরা কিনছে না। মুখ থুবড়ে পড়তে যাচ্ছে ক্যানন, অলিম্পাস, সনি ও নিকনের আধিপত্য বিস্তার করা ক্যামেরার বাজার। জাপানের গবেষণা প্রতিষ্ঠান মিজুহো ইনভেস্টরস সিকিউরিটিজের কর্মকর্তা নোবুও কুরাহাশি বলেন, ‘আমরা হয়তো শিগগিরই ডিজিটাল ক্যামেরার বাজারের পতন দেখতে পাব। গত বছর ডিজিটাল ক্যামেরা বিক্রি হয়েছিল ৭৫ লাখ ৮ হাজার।এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের তুলনায় ৪২ শতাংশ কম বিক্রি হয়েছে।’ কুরাহাশি আরও বলেন, তবে শুধু স্মার্টফোনের কারণে নয়, ইউরোপের দেশগুলোতে মন্দা অর্থনীতি এবং চীনের বাজারে জাপানের পণ্য বর্জনের কারণেও ডিজিটাল ক্যামেরার বাজারে মন্দা দেখা দিয়েছে। এদিকে স্মার্টফোনেই বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে মজার মজার সব গেম ও গান। কাজেই লোকজন আর আলাদা করে গেম কনসোল ও গান শোনার যন্ত্র কিনছে না। কাজেই এসব পণ্যের বাজারেও দেখা দিয়েছে মন্দা। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান