হুমকির মুখে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: হুমকির মুখে হরতাল
কার্টুন: হুমকির মুখে হরতাল

বাংলাদেশে যেমন প্রচুর পরিমাণে ধান হয়, পাট হয়, তেমনি হয় হরতাল। হরতাল উৎপাদনে বাংলাদেশ শীর্ষস্থানে আছে—এ তথ্য জানার জন্য তথ্য মন্ত্রণালয়ে যেতে হয় না, সবাই জানে। বাংলাদেশ হরতালের দেশ। এটা রীতিমতো আমাদের ঐতিহ্য। কিন্তু খুবই দুঃখজনক যে আমরা আমাদের ঐতিহ্যগুলো ধরে রাখতে পারছি না। ইদানীং আর আগের মতো হরতাল হচ্ছে না। এখনকার হরতালে কোনো উত্তাপ-উত্তেজনা নেই। মানুষের রুটিনবদ্ধ জীবনে একটু উত্তেজনার পরশ বুলিয়ে দেওয়ার কথা হরতালের। সেই হরতালেই যদি উত্তেজনা না থাকে, তাহলে মানুষ যাবে কই? এই যে কদিন আগে জামায়াত টানা ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করল; অথচ কেউ সেই আহ্বানে সাড়াই দিল না! আশ্চর্যের বিষয় হলো, ৪৮ ঘণ্টার সেই হরতালে দিব্যি যানবাহন চলেছে। এমনকি দীর্ঘ যানজটের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি রাস্তায়! কড়া রোদে প্রতিদিনের মতোই দায়িত্ব পালন করতে হয়েছে ট্রাফিক পুলিশদের। কোনো মানে হয়?
একটা সময় ছিল, যখন হরতাল হলেই ট্রাফিক পুলিশদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যেত। হরতালে যানবাহন চলবে না, ট্রাফিক পুলিশরা একটু অবসর পাবে। আনন্দিত না হয়ে উপায় আছে? খুশি হতেন রিকশাচালকেরাও। বাসের বদলে রাজপথ থাকত তাঁদের দখলে। ভিআইপি রোডে ‘চলে আমার রিকশা হাওয়ার বেগে উইড়া উইড়া’ টাইপ গান গেয়ে রিকশা চালাতেন তাঁরা। কিন্তু এখন আর সেই দিন নেই। এখনকার হরতালে দেখা যায় না মিছিল-পিকেটিং। ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলে না পাড়ার ছেলেরা। উল্টো রাজপথে ঘুরে বেড়ায় দামি প্রাইভেটকার! কী হতাশাজনক ব্যাপার! আমরা কি আমাদের ঐতিহ্য, আমাদের শিকড় ভুলে যাচ্ছি? এর জন্য বিদেশি সংস্কৃতি দায়ী কি না, তা নিয়ে গবেষকেরা গবেষণা করার কথা ভাবছেন। কিন্তু কর্তৃপক্ষ তো কিছুই ভাবছে না। দেশের এত পুরোনো একটা ঐতিহ্য এভাবে তো ধ্বংস হতে দেওয়া যায় না। নতুন প্রজন্মের পিকেটাররা যাতে আগের মতো জোরালো হরতাল পালন করতে পারে, সে জন্য কর্তৃপক্ষের ত্বরিত ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিক কর্মীদের জন্য হরতালবিষয়ক কর্মশালা কিংবা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা যেতে পারে। নইলে হয়তো অন্য অনেক ঐতিহ্যের মতো হরতালটাও একসময় বিলুপ্ত হয়ে যাবে।