স্মার্টফোন বিশ্বকে হাতের মুঠোয় আনলেও দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যবহারের সুযোগ নেই বললেই চলে। মূলত এই বিষয়টি ভাবিয়ে তুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্রী তাসনিমুন ফাইকাকে। দৃষ্টিপ্রতিবন্ধীদের স্মার্টফোন ব্যবহারের সুযোগ করে দিতে তিনি ই-সেবার ধারণা উপস্থাপন করেন। তাঁর এই ধারণাটি টেলিযোগাযোগ যন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াই টেকনোলজিস লিমিটেডের ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে সেরা দশে মনোনীত হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন চীনে হুয়াইয়ের প্রধান কার্যালয়ে বিনা খরচে দুই সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে এই ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করে হুয়াই। পুরস্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি বলেন, সরকার খুব গুরুত্বের সঙ্গে দেশের আইসিটি খাতের উন্নয়ন করে যাচ্ছে।
সিডস ফর দ্য ফিউচারের অন্য বিজয়ী শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী সাজিদ মাহমুদ, ফারহান বিন তারিক ও তন্ময় পাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নাভিদ ইবতেনাজ নিজাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের পরশ চাকমা ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ইয়াসিন আর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ইইই বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব ও মোহাম্মদ তাহমিদুল বারী এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মাহশী মাসনাদ।
হুয়াই ২০০৮ সাল থেকে প্রতিযোগিতাটির আয়োজন করে এলেও বাংলাদেশে এবারই প্রথম।