হুয়াওয়ের আরেক চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুয়াওয়ে
হুয়াওয়ে

স্মার্টফোনের দুনিয়ায় নানা রকম চমক দেখিয়ে এগিয়ে যাচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। স্যামসাং ও অ্যাপলকে ধরার পথে হুয়াওয়ে। (http://www.prothom-alo.com/technology/article/1081825/)। এবারে নিজস্ব ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা ডিজিটাল সহকারী সফটওয়্যার তৈরিতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে ইতিমধ্যে ১০০ জনের বেশি প্রকৌশলীকে নিয়ে একটি দল তৈরি করেছে। এই দলটি এখন ভার্চ্যুয়াল সহকারী তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এই সফটওয়্যার তৈরি করে অ্যাপলের সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট ও আমাজনের অ্যালেক্সার প্রতিদ্বন্দ্বী তৈরি করতে চাইছে হুয়াওয়ে। অবশ্য বর্তমানে আমাজনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ব্যবহার করছে তারা। প্রাথমিক পর্যায়ে বিশ্বের বৃহত্তম স্মার্টফোনের বাজার চীনের জন্য কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যার তৈরি করবে হুয়াওয়ে। এরপর তা বৈশ্বিক পর্যায়ে আনবে।

হুয়াওয়ে পি১০ নামের স্মার্টফোন উন্মুক্ত করার সময় নিজস্ব ভার্চ্যুয়াল সহকারী সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানাতে পারে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, স্মার্টফোনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যার যুক্ত করতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি এস ৮ স্মার্টফোনের সঙ্গে ‘বিক্সবি’ নামের সফটওয়্যার উন্মুক্ত করতে পারে স্যামসাং।

এলজিও তাদের জি৬ স্মার্টফোনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যার জুড়ে দেওয়ার কথা জানিয়েছে। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।