
DO NOT HEART ANYBODY—পাঠ্যপুস্তকের এই ভুল নিয়ে চলছে জোর সমালোচনা। বলিহারি এই সমালোচকদের দায়িত্বজ্ঞান! তাই রস+আলো দাঁড়াল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাশে। তুলে ধরল বাক্যটির যথার্থ ব্যাখ্যা
DO NOT HEART ANYBODY-র বাংলা কী হবে?
কারও শরীরে যেন হৃদয় না থাকে। UNDERSTAND?
১.
মানুষের চিন্তাভাবনার জগৎ এত সংকীর্ণ কেন! প্রথম দেখায় যা মনে হবে সেটা নিয়ে বসে থাকলে তো হবে না। পাঠ্যপুস্তকের লেখকেরা একটা অভিনব বাক্য লিখেছেন। এই বাক্যটা কেবল সাধারণের দৃষ্টিকোণ থেকে দেখলে ভুল মনে হওয়াই স্বাভাবিক। বড় মানুষের লেখা আপনাকে বড়ভাবে চিন্তা করতে হবে। দেখতে হবে উদার দৃষ্টি দিয়ে।
২.
মানুষকে ‘হার্ট’ মানে আঘাত করার প্রধানত দুটি উপায় আছে। শারীরিক ও মানসিক। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে বেত ব্যবহার বন্ধ করে শারীরিক আঘাতের মতো নির্যাতন কমিয়ে এনেছে। কিন্তু এখনো অনেক স্কুলে শিক্ষকেরা শিক্ষার্থীদের মানসিক আঘাত দেন, যা কোনোভাবেই কাম্য নয়। তাই লেখকেরা অনেক গবেষণা করে লিখেছেন, ‘DO NOT HEART
ANYBODY’। অর্থাৎ কাউকে মানসিক আঘাত কোরো না।

৩.
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় আমাদের। তাল মেলানোর খাতিরে অনেক পুরোনো বিষয়কে যুগোপযোগী করে তুলতে হয়। পুরোনো ধ্যানধারণা আঁকড়ে ধরে রাখলে সমাজে পরিবর্তন আনা যায় না। এসব চিন্তা করে বাক্যটিকে নতুন রূপ দেওয়া হয়েছে। এ জন্য এনসিটিবির লেখকেরা ভীষণ পরিশ্রম করেছেন। দেশে তো পরিশ্রম করেছেনই, নতুন বাক্য উদ্ভাবনের জন্য তাঁরা বেশ কয়েকবার বিদেশ ভ্রমণও করেছেন। দেশের উন্নতির স্বার্থে তাঁরা এত কষ্ট করেছেন মুখ বুজে।
৪.
এনসিটিবির আরও একটা মহৎ উদ্দেশ্য ছিল। আপনারা জানেন, বিশ্বব্যাপী অস্থির একটা সময় যাচ্ছে। এসব হচ্ছে হৃদয়ের কথা না শোনার ফলে। মানুষ তার হৃদয়ের কথা শুনছে না। ঘরে ঘরে ঝগড়া-বিবাদ, ব্রেকআপ, ডিভোর্স, অশান্তি। কারণ, আমরা হৃদয়ের কথা শুনছি না। আত্মার বন্ধন ভেঙে ফেলছি আমরা। কিন্তু আমরা কি এই সমাজ চেয়েছিলাম? না, চাইনি। তাই লেখকেরা সূক্ষ্মভাবে ‘Hurt’-এর জায়গায় ‘Heart’ বসিয়ে দিয়েছেন। যাতে করে এটা নিয়ে আলোচনা হয় এবং ‘Heart’ শব্দটা লাইমলাইটে আসে। এর ফলে সমাজে নতুন করে ‘হার্টের’ গুরুত্ব বাড়বে। হার্টের অনুশীলন হবে এবং সমাজে আবার শান্তি ফিরে আসবে।