হৃদয়ের ফ্রেমে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক আড্ডায় আইইউটির চার বিদেশি শিক্ষার্থী
এক আড্ডায় আইইউটির চার বিদেশি শিক্ষার্থী

নাইজেরিয়া কিংবা ইয়েমেন থেকে বাংলাদেশ—হাজার মাইলের পথ। এত দূরের পথ অতিক্রম করে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন তাঁরা। উদ্দেশ্য পড়াশোনা। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) মিলল এমন তিন শিক্ষার্থীর সাক্ষাৎ—নাইজেরিয়ার আবদুল্লাহি আমিনু লাওয়াল, ইয়েমেনের ইউসুফ আল জাবাল, ফিলিস্তিনের আবু মালিক। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়ুয়া শিক্ষার্থীদের একটা বড় অংশ বিদেশি শিক্ষার্থী। ‘আমাদের এখানে ১০০-র বেশি বিদেশি শিক্ষার্থী বিভিন্ন বিভাগে পড়ছে।’ বলেন আবদুল্লাহি আমিনু লাওয়াল।

বাংলাদেশে এসে কেমন আছেন তাঁরা কিংবা কতটা মিশে গেছেন বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে, এমন প্রশ্নে আবু মালিক জানান, তিনি বাংলায় কথাও বলতে পারেন।

ভ্রমণপাগল ইউসুফ আল জাবাল ছুটি পেলেই ছুটে যান বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে। ‘আহসান মঞ্জিল, শহীদ মিনার ও অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর স্মৃতিগুলো আজীবন মনের ফ্রেমে বাঁধা হয়ে থাকবে আমার।’ বলছিলেন তিনি।

বাংলাদেশে পড়াশোনার অভিজ্ঞতা সম্পর্কে ইউসুফ বলেন, ‘বাংলাদেশে পড়তে আসার আগে অপরিচিত এই দেশের পড়াশোনার পরিবেশ নিয়ে অনেকটাই শঙ্কিত ছিলাম। এখন সেই শঙ্কা আর নেই । শিক্ষকেরা অনেক দক্ষ। ল্যাব ফ্যাসিলিটি, আবাসন অনেক উঁচু মানের। এ কারণে দেখা যায়, অনেকেই স্নাতক সম্পন্ন করার পর স্নাতকোত্তর সম্পন্ন করে তবেই ফিরে যান।’