হেরিটেজ আর্কাইভসের ওয়েবসাইট
ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ‘হেরিটেজ: বাংলাদেশের ইতিহাসের আর্কাইভ’-এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার রাজশাহীভিত্তিক এই আর্কাইভ পরিদর্শন করেন। এ সময় তিনি www.heritagearchivesbd.org ঠিকানার ওয়েবসাইট উদ্বোধন করেন। ২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক মাহবুবুর রহমান রাজশাহী শহরে এ আর্কাইভ প্রতিষ্ঠা করেন। এখানে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের কয়েক হাজার জার্নাল, বই-পুস্তক, দেশের সব জেলার স্থানীয় ইতিহাস, বিভিন্ন বিষয়ের ওপর পেপার কাটিং, বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের দুর্লভ প্রকাশনা, ব্যানার, পোস্টার, লিফলেট, ফেস্টুনসহ দুষ্প্রাপ্য বিভিন্ন বিষয় সংরক্ষিত আছে। উদ্বোধনী অনুষ্ঠানে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য আতফুল হাই শিবলী, ওয়েবসাইটটির নির্মাতা সমর মাইকেল সরেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। —কুদরাত-ই-খুদা বাবু