হেল সফটওয়্যারের জন্য তদন্তের মুখে উবার
অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবারের দুর্দিন যেন শেষই হচ্ছে না। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে। অভিযোগ, গোপনে একটি সফটওয়্যার প্রোগ্রাম চালাচ্ছে উবার।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই এবং নিউইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে। যেখানে খতিয়ে দেখা হচ্ছে, উবার তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান লিফটকে অসফল করার জন্য অবৈধভাবে ‘হেল’ নামের সফটওয়্যারটি ব্যবহার করছে কি না। উবারের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, উবার এ তদন্তে সম্পূর্ণভাবে সাহায্য করছে।
গত এপ্রিলে প্রকাশিত দ্য ইনফরমেশন-এর এক প্রতিবেদনে উবারের এই গোপন প্রোগ্রামের বিষয়টি জনসম্মুখে আসে। যেখানে বলা হয়, উবার নকল যাত্রীদের অ্যাকাউন্ট খুলে লিফটের চালকেরা কখন, কোথায় কাজ করছে তা জানতে চেষ্টা করেছে।
উবারের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, একই সঙ্গে কোন কোন ড্রাইভার উবার এবং লিফটে কাজ করছে তা জানার জন্য অবৈধভাবে চালানো ওই প্রোগ্রাম প্রতিষ্ঠানটি ব্যবহার করেছে। উবারের গ্রাহক বাড়ানো এবং লিফটকে ব্যর্থ করাই ছিল মূল উদ্দেশ্য। তবে জনশ্রুতি রয়েছে, ২০১৬ সালে সফটওয়্যারটির ব্যবহার বন্ধ করেছে উবার।
উবারকে এর আগেও এমন জটিলতার মধ্যে পড়তে হয়েছে। ‘গ্রেবল’ নামে উবার এমন একটি সফটওয়্যার নিয়ে কাজ করছিল, যা পুলিশের নজর থেকে গাড়ির অবস্থান গোপন করে রাখে। তবে এ ক্ষেত্রে উবার ব্যর্থ হয়েছিল।
হেল ব্যবহারের অভিযোগে লিফটের এক চালক ইতিমধ্যে উবারের বিরুদ্ধে মামলা করেছেন। তবে মামলাটি খারিজ হয়ে গেছে। তদন্তের ব্যবহারে এফবিআই বা নিউইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: সিনেট