হেল্পলাইন
উইন্ডোজে ফাইল ভাগাভাগি
কাছাকাছি আছে—এমন কারও সঙ্গে উইন্ডোজের ফাইল ভাগাভাগি (শেয়ার) করতে চাইলে অনেকভাবেই করা যায়। তবে সহজে ও দ্রুতগতিতে কাজটি করতে চাইলে প্রথমে উইন্ডোজের কয়েকটা সেটিংস ঠিক করে নিতে হবে। তারপর কম্পিউটারগুলো তার বা তারহীন সংযোগের মাধ্যমে লোকাল এরিয়া নেটওয়ার্কে (ল্যান) যুক্ত করতে হবে।
উইন্ডোজ সেটিংস
Control Panel>Network and Sharing Center>Change advanced sharing settings-এ গিয়ে টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি, ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এবং পাবলিক ফোল্ডার—এই অপশন তিনটি নির্বাচন করে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে বের হয়ে আসতে হবে। যাদের সঙ্গে ফাইল ভাগাভাগি করবেন, তাদের কম্পিউটারেও এই সেটিংস ঠিক করে নিতে হবে।
কম্পিউটার সংযোগ
দুভাবে কম্পিউটারগুলো ল্যানে যুক্ত করা যায়। ক্রসওভার ইথারনেট তারের সাহায্যে অথবা তারহীন অ্যাড-হক সংযোগের মাধ্যমে। কম্পিউটারগুলো যদি আগে থেকেই ল্যানে যুক্ত থাকে, তাহলে আর আলাদা করে তার সংযোগের প্রয়োজন নেই। আর অ্যাড-হক সংযোগের জন্য Control Panel>Network and Sharing Center>Manage wireless networks-এ গিয়ে অ্যাড ট্যাবে ক্লিক করে সেখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাড-হক নেটওয়ার্কে ক্লিক করে নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড দিয়ে ওকে করুন। এবার অন্যান্য কম্পিউটার ওয়াইফাইয়ের মাধ্যমে এই অ্যাড-হক নেটওয়ার্কে যুক্ত করুন।
ফাইল শেয়ারিং
কম্পিউটারগুলো পরস্পর যুক্ত হলে উইন্ডোজ এক্সপ্লোরার (কম্পিউটার) খুলুন। বাঁ পাশে নিচে নেটওয়ার্ক অপশনে ক্লিক করলে সংযুক্ত কম্পিউটারগুলো দেখাবে। সেখান থেকে নিজের কম্পিউটার বাছাইয়ের পর ইউজার ফোল্ডারে ক্লিক করে পাবলিক ফোল্ডারে শেয়ার করা ফাইলগুলো রেখে দিলে সেগুলো সবাই ভাগাভাগি করতে পারবেন। আবার উইন্ডোজ এক্সপ্লোরারের অ্যাড্রেস বারে ক্লিক করে file://pcname (এখানে pcname হলো, যে কম্পিউটারে ঢুকতে চান তার নাম) লিখেও শেয়ার করা ফাইলগুলোয় ঢোকা যাবে। এ ছাড়া অন্য কোনো ড্রাইভের নির্দিষ্ট কোনো ফাইল বা ফোল্ডার শেয়ার করতে চাইলে সেই ফোল্ডারে ডান ক্লিক করে প্রপার্টিসে গিয়ে শেয়ারিং ট্যাব নির্বাচন করতে হবে। তারপর অ্যাডভান্স শেয়ারিং ক্লিক করে শেয়ার দিজ ফোল্ডার অপশনে টিক দিয়ে ওকে করলে সেগুলো শেয়ার হয়ে যাবে।
—মঈন চৌধুরী