
বিনা মূল্যে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপের দাম হয়েছে দুই হাজার ২০০ কোটি ডলার! সম্প্রতি প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বেশি খরচের এ কেনাকাটা সম্পন্ন হয়েছে। আগে এ অ্যাপের দাম এক হাজার ৯০০ কোটি ডলার হলেও সর্বশেষ সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুককে বাড়তি ৩০০ কোটি ডলার দিয়ে কিনতে হয়েছে হোয়াটসঅ্যাপকে। ফেসবুকের শেয়ারের দাম ক্রমান্বয়ে বেড়ে যাওয়ায় হোয়াটসঅ্যাপ বিক্রেতাদের সর্বমোট দুই হাজার ২০০ কোটি ডলার দিতে হয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত এ আনুষ্ঠানিকতা ১০ বছরের ইতিহাসে ফেসবুকের সবচেয়ে বড় অধিগ্রহণ।
বিনা মূল্যে বার্তা আদান-প্রদানের নানা ধরনের অ্যাপের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে হোয়াটসঅ্যাপ। এ তালিকায় রয়েছে ভাইবার, উই চ্যাট ইত্যাদি। ফেসবুক হোয়াটসঅ্যাপে বিনা মূল্যে ভয়েস কল সেবাও যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। আর এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্যান্য বার্তা আদান-প্রদানের অ্যাপগুলো থেকে অনেক এগিয়ে যাবে হোয়াটসঅ্যাপ। পুরো অধিগ্রহণ সম্পন্ন হওয়ার আগে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা চলতি বছরের এপ্রিল মাসে এ-সংক্রান্ত অনুমোদন দিয়েছে। এতে বলা হয়েছে, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ কাছাকাছি কোনো প্রতিযোগী নয় বরং বাজারে বর্তমান এ অধিগ্রহণ কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি, যোগাযোগের ক্ষেত্রে অ্যাপ বাছাইয়ে এটি গ্রাহকদের স্বাধীনতা নিশ্চিত করবে।
এ অধিগ্রহণের ফলে টেলিকম কোম্পানিগুলো চাপের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। হোয়াটসঅ্যাপের পাশাপাশি অন্য অ্যাপগুলোও বিনা মূল্যে এসব সেবা দেওয়ায় এমন মনে করা হচ্ছে বলে জানা গেছে। বাজার গবেষকদের মতে, গত বছর মোবাইল বার্তা আদান-প্রদান থেকে ১২ হাজার কোটি ডলার আয় করেছে অপারেটররা। তবে বিনা মূল্যে নানা ধরনের অ্যাপ একই সুবিধা দেওয়ার ফলে অপারেটরদের এ খাত থেকে আয় হুমকির মধ্যে পড়েছে।
অধিগ্রহণের ফলে বর্তমানে হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা জ্যান কউম ফেসবুক পরিচালনা পর্ষদের সদস্য হয়েছেন। বর্তমানে ৬০ কোটির বেশি ব্যবহারকারী নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এ সংখ্যা চলতি বছরেই আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। —ওয়াল স্ট্রিট জার্নাল ও টাইম অবলম্বনে কাজী আলম