হোয়াটসঅ্যাপে ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

মোবাইলভিত্তিক বার্তা আদান-প্রদানের সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি ছাড়িয়েছে। প্রতি মাসে এখন ৮০ কোটি মানুষ সক্রিয়ভাবে এই সেবাটি ব্যবহার করছেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কউম এ তথ্য জানিয়েছেন। এ বছরের জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭০ কোটি।
জান কউম তাঁর ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর বর্তমান সংখ্যা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হোয়াটসঅ্যাপ বর্তমানে ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারীর কাছে সেবা পৌঁছে দেয়। অন্যান্য বার্তা আদান-প্রদানের সাইটগুলো সক্রিয় ব্যবহারকারীর তথ্য দেওয়ার পরিবর্তে সাইটে নিবন্ধনকৃত মানুষের সংখ্যা দেখায়। মনে রাখতে হবে, সক্রিয় ব্যবহারকারী ও নিবন্ধনকৃত অ্যাকাউন্টের সংখ্যা এক নয়।
৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী হিসাবে ধরলে এটিই এখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় যোগাযোগের প্ল্যাটফর্ম। বর্তমানে টুইটারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৮ কোটি ৮০ লাখ। ফটো বিনিময়ের সাইট ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর সংখ্যা ৬০ কোটি আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৩৯ কোটি।

হোয়াটসঅ্যাপ সম্প্রতি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ভয়েস কলিং ফিচার যুক্ত করেছে। এই ফিচারটি এখনো আইফোন ও উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন না। ভয়েস কলিং ফিচারটি যুক্ত হওয়ায় হোয়াটসঅ্যাপ এখন সরাসরি উইচ্যাট, ভাইবার, লাইন প্রভৃতি অ্যাপ্লিকেশনগুলোকে টেক্কা দিচ্ছে। অবশ্য, হোয়াটসঅ্যাপ এখনো এই ফিচারটির আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।