হোয়াটস অ্যাপ কিনছে গুগল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটস অ্যাপ (www.whatsapp.com) কিনে নিচ্ছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে ব্যবহার করা যায় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের এই মেসেঞ্জারটি। শুধু চ্যাটই নয়, এ মেসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও বার্তাও আদান-প্রদান করা যায়। সম্প্রতি প্রায় ১০০ কোটি ডলারের বিনিময়ে অ্যাপটি গুগল কিনে নিচ্ছে বলে জানা গেছে। তবে দামের ব্যাপারটি এখনো ঠিক হয়নি উল্লেখ করে এ ব্যাপারে গুগল ও হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের মধ্যে কথাবার্তা চলছে বলে খবরে প্রকাশিত হয়েছে। তবে এ ব্যাপারে দুই প্রতিষ্ঠানের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।ধারণা করা হচ্ছে, নিজেদের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে অ্যাপটির দাম আরও বাড়ানোর ব্যাপারে কাজ করছে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ। অ্যাপটি গুগল কিনতে পারলে গুগল ভয়েস, গুগল হ্যাংআউট, গুগলটকসহ বেশ কিছু গুগলের সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পাওয়া হোয়াটস অ্যাপসের ব্যবহারকারী লাখ ছাড়িয়েছে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইফোন, ব্ল্যাকবেরি, উইন্ডোজ ফোনে অ্যাপটি ব্যবহার করা যায়। যদিও অ্যাপল স্টোর থেকে আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে চাইলে এক ডলার খরচ করতে হয়। তবে এ অ্যাপটি অ্যাপল স্টোর থেকে নামানো শীর্ষ পছন্দের অ্যাপের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। আর অ্যান্ড্রয়েডের মাধ্যমে হোয়াটস অ্যাপ নামানোর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। এ ছাড়া গত বছরের ইংরেজি নববর্ষের দিনেই এক হাজার ৮০০ কোটি বার্তা আদান-প্রদান হয়েছে অ্যাপটি ব্যবহারের মাধ্যমে! গুগল ছাড়াও এর আগে হোয়াটস অ্যাপ কেনার ব্যাপারে আলোচনা করেছিল বেশ কয়েকটি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান। এ তালিকায় ফেসবুকও ছিল বলে জানা গেছে। —এনডিটিভি ও ডিজিটাল ট্রেন্ড অবলম্বনে কাজী আলম