হোয়াটসঅ্যাপ যেখানে পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

গত কয়েক বছরে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশন বা অ্যাপ হোয়াটসঅ্যাপ। বিশেষ করে পরিবার, বন্ধু-পরিজন এবং কাজের ক্ষেত্রে একে অন্যের সঙ্গে যুক্ত থাকতে পছন্দের তালিকার ওপরেই থাকে এই অ্যাপ। তা সত্ত্বেও বিশ্বের প্রথম সারির এই মেসেজিং অ্যাপে এমন কিছু সুবিধা নেই, যে সুবিধাগুলোর জন্য হোয়াটসঅ্যাপের কাছে প্রতিদ্বন্দ্বীদের গর্ব করতে পারে।
এখানে থাকছে এমন কয়েকটি সুবিধা—

স্টিকার

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা মনের ভাব প্রকাশ করতে শব্দের পরিবর্তে ইমোজি বা ইমোটিকন ব্যবহার করতেই পছন্দ করে। কারণ একটি ইমোটিকন দিয়েই সম্পূর্ণ একটি বাক্য বোঝানো যায়। তবে বর্তমানে স্টিকার ব্যবহারের প্রবণতা বেশি। মেসেজিং অ্যাপগুলোতে স্টিকার এখন গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিস্ময়ের বিষয় হলো হোয়াটসঅ্যাপে এই সুবিধা নেই। যেখানে ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, হাইকের মতো মেসেজিং অ্যাপগুলোতে ব্যবহারকারীরা প্রতিদিন অসংখ্য স্টিকার ব্যবহার করছেন।

জিআইএফ সেলফি

সেলফি অর্থাৎ নিজের ছবি নিজে তোলা এখন প্রতিদিনের সাধারণ একটি কাজের মধ্যেই পড়ে। সেলফি ক্যামেরার ওপর ভিত্তি করেও বিচার করা হচ্ছে স্মার্টফোনের। এ ক্ষেত্রে গুগল তাদের মেসেজিং অ্যাপ অ্যালোতে জিআইএফ বা গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট সেলফি সুবিধা যুক্ত করে এক ধাপ এগিয়েই আছে, যা জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অনুপস্থিত। মূলত স্মার্টফোনের সেলফি ক্যামেরা ব্যবহার করে ক্ষুদ্র ভিডিও ধারণ করে জিআইএফ অ্যানিমেশন তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এর জন্য কোনো তৃতীয় পক্ষের অ্যাপের দরকার পড়বে না।

গোপন বার্তা

অনেকেই আছেন যাঁরা তাঁদের মেসেজিং অ্যাপে কথোপকথন অন্যদের থেকে গোপন রাখতে চান। তা বিবেচনা করেই বেশ কিছু মেসেজিং অ্যাপ প্রাইভেট চ্যাট মোড যোগ করেছে। এই সুবিধায় আদান-প্রদানকৃত বার্তা নিরাপদ ও গোপন থাকে। এমনকি একটি বার্তা একবার পড়া হয়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ থেকে মুছে যাবে। আবার এই মুছে যাওয়ার সময়ও নির্ধারণ করা যাবে। লাইন, উইচ্যাট বা গুগল অ্যালোর মতো অ্যাপে এই সুবিধা থাকলেও দুঃখের বিষয় হোয়াটসঅ্যাপে নেই।

পোক

প্রশ্ন উঠতেই পারে, এখনো কি ‘পোক’ ব্যবহার করা হয়? হ্যাঁ, এখনো অনেকেই একে অন্যকে পোক করে। কারণ অনেক মেসেজিং অ্যাপে এই সুবিধা আছে। মূলত অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সুবিধা ব্যবহার করা হয়ে থাকে। হোয়াটসঅ্যাপ এখনো এই সুবিধা যুক্ত করেনি।

ফাইল শেয়ারের সুবিধা

লাইন অ্যাপটি যেখানে ১ গিগাবাইটের বেশি ডেটা আদান-প্রদানের সুবিধা দিচ্ছে, সেখানে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ অ্যাপে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ১০০ মেগাবাইট ডেটা আর আইওএস প্ল্যাটফর্মে ১২০ মেগাবাইট ডেটা আদান-প্রদানের সুবিধা দিচ্ছে। অনেক ব্যবহারকারী এ বিষয়ে বরাবরই অভিযোগ জানিয়ে আসছে। অন্যদিকে আগে তো শুধু পিডিএফ ফরম্যাটের নথিপত্র শেয়ার করা যেত। তবে বর্তমানে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ধীরে ধীরে সব ফরম্যাটের নথিপত্র যুক্ত করার সুবিধা দিচ্ছে।

মারিফুল হাসান, সূত্র: গ্যাজেটস নাউ