হোয়াটসঅ্যাপে দৈনিক ১০ কোটি কল

বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং সেবা হিসেবে পরিচিত হোয়াটসঅ্যাপ গত বছর থেকে ভয়েস কলিং ফিচারটি চালু করে। শুরুতে অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত যন্ত্রে চালু হলেও পরে তা আইওএস, ব্ল্যাকবেরি ও উইন্ডোজ ফোনে চালু হয়। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বলা হয়, দৈনিক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ১০ কোটি কল করছেন ব্যবহারকারীরা।
গত ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে দাবি করা হয়, প্রতি মাসে হোয়াটসঅ্যাপে ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারী থাকে। বর্তমানে বিনা মূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। ইন্টারনেটের ডেটা সংযোগ বা ওয়াই-ফাই নেটওয়ার্কে এটি চালু করা যায়।
সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জন কউম বলেন, হোয়াটসঅ্যাপের শুরুর দিন থেকেই ব্যবহারকারীদের ধরে রাখার জন্য যা প্রতিবন্ধকতা আছে তা দূর করা হয়েছে। গত বছর থেকে ভয়েস কলের সুবিধা চালু হয়। আমরা আজ গর্বের সঙ্গে ঘোষণা দিচ্ছি-প্রতিদিন এখানে ১০ কোটি কল করা হচ্ছে।
তথ্যসূত্র: এনডিটিভি।