হ্যাক হয়েছে ইয়াহুর ১০০ কোটি অ্যাকাউন্ট

গত কয়েক বছরের গুঞ্জন এবার সত্যি হলো। ২০১৩ সালে ইয়াহুর ১০০ কোটি অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল—এ কথা বলছিলেন অনেকেই। প্রায় তিন বছর পর সত্যতা স্বীকার করেছে ইয়াহু কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিবিসির কাছে এ তথ্যের সত্যতা স্বীকার করেছে ইয়াহুর মূল প্রতিষ্ঠান ভেরিজোন। ইয়াহু জানায়, চুরি হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, পাসওয়ার্ড ও ই-মেইল ঠিকানা রয়েছে। তবে ব্যবহারকারীর ব্যাংক হিসাব ও লেনদেনের কোনো তথ্য চুরি হয়নি। কোনো তৃতীয় পক্ষ এ তথ্য চুরির জন্য দায়ী বলেও জানিয়েছে ইয়াহু। ভেরিজোন জানায়, তারা পুলিশ এবং কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে নিবিড় কাজ করে চলছে।
তিন বছর পর এত বড় দুর্ঘটনার কথা স্বীকার করার কারণ জানতে চাইলে বিবিসিকে ভেরিজোন জানায়, তদন্তের স্বার্থেই এত দিন সত্য গোপন করেছে তারা। এর আগে ২০১৪ সালে ৫০ কোটি ইয়াহু অ্যাকাউন্ট চুরি হওয়ার কথাও স্বীকার করেছিল ইয়াহু। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বলেন, ‘আমাদের দেখা এটাই এযাবৎ সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা। এদিকে ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ পিটার সোমার বলেন, এই তথ্য চুরির ঘটনার পেছনে কোনো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা রয়েছে। তবে ১০০ কোটি সাধারণ ব্যবহারকারীর তথ্য দিয়ে কোনো একটি দেশ কী করতে চায়, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সোমার। এমন বিশাল তথ্য চুরির ঘটনা স্বীকার করার পর ইয়াহুর জনপ্রিয়তা এবং ব্যবহারকারীর সংখ্যার পরিমাণ কেমন হবে তা নিয়েও প্রতিষ্ঠানটি ঝুঁকিতে আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ইয়াহু চুরি হওয়া তথ্য এবং অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা আরও বাড়াতে কাজ করছে বলে জানায় ইয়াহু। এ ছাড়া তারা ব্যবহারকারীদের নিজেদের পাসওয়ার্ড, পুনরায় ফিরে পাওয়ার তথ্য পরিবর্তন করতে অনুরোধ জানিয়েছে।
সূত্র বিবিসি