হ্যাকাথনে বাছাই করা হলো ছয়টি প্রকল্প
গ্লোবাল স্যানিটেশন হ্যাকাথনের ঢাকা আসর শেষ হয়েছে শনিবার। বিশ্বব্যাংকের আয়োজনে দুই দিনের এই হ্যাকাথনে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্যানিটেশন বা পয়োব্যবস্থার উন্নয়ন করা যায় এমন প্রকল্প নিয়ে প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রায় ৬০টি দল এতে অংশ নেয়। শেষ পর্যন্ত ছয়টি দলের উদ্ভাবনী সমাধানকে বাছাই করেছে বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের যোগাযোগ বিশেষজ্ঞ মিরভা মইলালেন জানান, প্রায় ৩৫০ জন কম্পিউটার প্রোগ্রামারকে দেওয়া সমাধানগুলো থেকে বাছাই করা হয়েছে ব্যবহার-উপযোগী ছয়টি সমাধান। এখন এগুলো নিয়ে গবেষণা করা হবে। হ্যাকাথনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশ্বব্যাংক ঢাকা অফিসের অপারেশন পরামর্শক ক্রিস্টিন কিম, বিশ্বব্যাংকের পানি ও পয়োব্যবস্থা প্রকল্পের আঞ্চলিক স্যানিটেশন বিশেষজ্ঞ মার্ক ইলারি, বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুরসহ আরও অনেকে।সেরা ছয়টি সমাধান: তিনটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পিক্সেলাইজার্ড দল বানিয়েছে ‘টয়লেট ইউজিং’ নামের একটি বিশেষ সেন্সর সফটওয়্যার ও গেম। এটি ব্যবহার করলে সঠিকভাবে টয়লেট ব্যবহার না করলে সংকেত পাওয়া যাবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এম-ম্যাপ সার্ভারটি অবশ্য একটু ভিন্ন। কোনো প্রতিষ্ঠান বা দাতা সংস্থা যদি বাংলাদেশের স্যানিটেশন নিয়ে কাজ করতে চায়, এ রকম প্রতিষ্ঠানগুলো তথ্য জানতে পারবে এর মাধ্যমে।এআইইউবি ও ইউআইইউয়ের ‘রাইজ অব দ্য ইমাজিনার্স’ দলের সদস্যরা বানিয়েছেন বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) অঞ্চলভেদে কার্যক্রম ও অবস্থান নিয়ে ‘এনজিও ট্র্যাকার’। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকটোর্নাল দল বানায় পরিবেশ সমস্যার উন্নয়নে বিশেষ সফটওয়্যার ও ওয়েবসাইট। এটি ব্যবহার করে অঞ্চলভেদে কারখানার তরল বর্জ্য ও পরিবেশ সমস্যার কথা ওযেবসাইটে আপলোড করা যাবে। এমসিসি নামের বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীরা বানান ‘গেম ক্রিয়েটো’। স্যানিটেশন সমস্যার সমাধান নিয়ে আইটি সল্যুশন বানিয়েছে গেমিং ‘স্যানিটেশন হ্যাবিট’। —নিজস্ব প্রতিবেদক