হ্যাকারদের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের পাঁচ সন্দেহভাজন হ্যাকারের বিরুদ্ধে গত মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। অভিযুক্ত হ্যাকাররা অ্যানোনিমাস, লুলজ সিকিউরিটি ও অন্যান্য আন্তর্জাতিক হ্যাকার গ্রুপের সদস্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গত কয়েক বছরে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট, যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা স্ট্র্যাটফর ও কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান এইচবিগ্যারিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা চালিয়েছে। এই হ্যাকারদের বিরুদ্ধে ভিডিওগেম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেথেসডা সফটওয়ার্ক ও আইরিশ রাজনৈতিক দল ফাইন গায়েলের কম্পিউটার নেটওয়ার্কেও হামলা চালানোর অভিযোগ রয়েছে। তাঁরা হলেন রায়ান অ্যাকোরিড (২৩), জ্যাক ডেভিস (২৯), ডারেন মার্টিন (২৫), ডনচা (১৯) ও জেরেমি হ্যামন্ড (২৭)। তাঁদের প্রত্যেকের আবার ছদ্মনাম রয়েছে। জানা গেছে, লুলজ সিকিউরিটির একজন নেতা এই পাঁচজনকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে সহায়তা করেছেন। ওই নেতার নাম মনসেগুর। তবে যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা এ ব্যাপারে মুখ খোলেননি। অ্যাকোরিড ও ডেভিসকে গত বছর যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে এই পাঁচ হ্যাকারকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান