হ্যাকারদের সম্মেলন ব্ল্যাক হ্যাটে অ্যাপল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাক হ্যাট নামে হ্যাকারদের একটি কনফারেন্স বা সম্মেলনে অংশ নেবে অ্যাপল। এ সম্মেলনে কম্পিউটার নিরাপত্তাব্যবস্থা-বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে হাজির হন হ্যাকাররা। ব্ল্যাক হ্যাটের এবারের সম্মেলনে প্রথমবারের মতো হাজির হচ্ছে অ্যাপল। ২৬ জুলাই ‘ডালাস দ্য ইটলি’ নামের একজন অ্যাপল কর্মকর্তা আইওএস অপারেটিং সিস্টেম বিষয়ে আলোচনার জন্য এ অনুষ্ঠানে হাজির হচ্ছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।ব্ল্যাক হ্যাটের মতো আয়োজন এর আগে বরাবরই এড়িয়ে চলেছে অ্যাপল। কিন্তু সম্প্রতি অ্যাপলের ম্যাক কম্পিউটারে ম্যালওয়্যার ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়ে গেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। হ্যাকাররা এখন ওএসএক্স অপারেটিং সিস্টেমের ওপর হামলা করছে। অ্যাপল বুঝতে পেরেছে, তাদের অপারেটিং সিস্টেমেও দুর্বলতা রয়েছে এবং এতে ম্যালওয়্যার ছড়াতে পারে। ব্ল্যাক হ্যাট কনফারেন্সে অ্যাপলের যোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ ঘটনা।প্রসঙ্গত, ১৯৯৭ সালে ব্ল্যাক হ্যাট কনফারেন্স শুরু হয়। প্রতিবছর লাস ভেগাসে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সারা বিশ্বের হ্যাকারদের নিয়ে। হ্যাকাররা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন। লাস ভেগাসের বার্ষিক অনুষ্ঠানটির পাশাপাশি বেশ কিছুদিন ধরে আবুধাবি, বার্সেলোনা ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতেও বছরের বিভিন্ন সময় সম্মেলনের আয়োজন করে আসছে ব্ল্যাক হ্যাট। ১৯৯৮ সালে মাইক্রোসফট, ২০১০ সালে গুগল ব্ল্যাক হ্যাটে যোগ দেয়।