হ্যাকারদের সম্মেলনে হ্যাকিংয়ে হাতেখড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগতিক দুনিয়ায় যেমন ডাকিনিবিদ্যা আছে, ভার্চুয়াল দুনিয়ায় আছে হ্যাকিং-বিদ্যা। অন্তত ভুক্তভোগীরা তেমনটাই বলেন। তবে ভুক্তভোগীরা যা-ই বলুন না কেন, কেউ কেউ আছেন, যাঁরা এই হ্যাকারদের বেশ এলেমদার হিসেবেই জ্ঞান করেন। এমনকি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগও এই হ্যাকারদের হাতে রাখে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে! হ্যাকারদের একটি বৈধ সংস্থাও আছে, এর নাম ডেফকন। ১৯৯৩ সাল থেকে এই প্রতিষ্ঠান বিশ্বের সব হ্যাকারকে নিয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গত রোববার লাস ভেগাসে হয়ে যাওয়া এবারের এই আয়োজনে যোগ হয়েছে নতুন মাত্রা। ডেফকন এ বছর শিশু হ্যাকারদের আমন্ত্রণ জানিয়েছিল তাদের সম্মেলনে। সেখানে এসে শিশু হ্যাকাররা হাতেখড়ি নিয়েছে হ্যাকিং বিদ্যায়। এ ছাড়া দেখিয়েছে নিজেদের ঝকমারি। এবং অংশ নিয়েছে একাধিক হ্যাকিং-নির্ভর প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার মধ্যে ছিল ওয়েবসাইট, হার্ডওয়ার এবং সফটওয়ার হ্যাকিং। ছিল পাজল, গোপন পাসওয়ার্ড খোলার মতো প্রতিযোগিতাও। এতে অংশ নিয়েছিল ৮ থেকে ১৬ বছর বয়সী ৬০ জনেরও বেশি শিশু-কিশোর। কেবল প্রতিযোগিতাই নয়, ডেফকনের বিদগ্ধ পণ্ডিত হ্যাকাররা একটি কর্মশালারও আয়োজন করেছিলেন। যাতে অংশ নিয়েছিল ওই শিশুরা। সেখানে তারা হাতেকলমে শিখেছে কী করে হ্যাকিং করতে হয়। তবে বরাবরের মতোই প্রশ্ন উঠেছে, শিশুদের কেন এমন অবৈধ বিদ্যা শেখানো হচ্ছে? এর জবাব দিয়েছেন ডেফকনের প্রশিক্ষক ক্রিস হ্যাডন্যাগি, ‘আমরা চাই এই মেধাবী শিশুরা বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করুক। অনেকেই জানেন, এই প্রতিভাধর হ্যাকাররাই প্রযুক্তি এবং ইন্টারনেট দুনিয়ায় এখন অনেক বড় বড় আসনে আসীন। আমরা চাই, এখান থেকে তেমনই প্রতিভাধরেরা বেরিয়ে আসবে।’ —এএফপি অবলম্বনে মাহফুজ রহমান