হ্যাকাররা ২ লাখ ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাকারদের হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সিটিব্যাংক। ব্যাংকটির প্রায় দুই লাখ গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেছে হ্যাকাররা। চলতি সপ্তাহে গুগলেও এ ধরনের তথ্য চুরির ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।সিটিব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাকাররা উত্তর যুক্তরাষ্ট্রে ব্যাংকটির প্রায় দুই লাখ গ্রাহকের ক্রেডিট কার্ডের নাম, হিসাব নম্বর এবং ই-মেইল ঠিকানা চুরি করেছে। হ্যাকাররা ব্যাংকটির অনলাইন অ্যাকাউন্টের সাইটে হামলা চালিয়ে এসব তথ্য চুরি করে।ব্যাংকটি দাবি করছে, হ্যাকাররা গ্রাহকদের সামাজিক নিরাপত্তা নম্বর, জন্ম তারিখ, কার্ডের সময়সীমা ও নিরাপত্তা কোড চুরি করতে পারেনি। ওই দুই লাখ গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়েছে ব্যাংকটি।সিটিগ্রুপ জানিয়েছে, ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের প্রায় এক শতাংশের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেছে হ্যাকাররা। ২০১০ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় উত্তর আমেরিকায় প্রতিষ্ঠানটির দুই কোটি ১০ লাখ গ্রাহকের ক্রেডিট কার্ড রয়েছে।এ ঘটনায় ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের চেয়ারম্যান শেইলা বের বলেন, ‘সিটি ব্যাংক এবং এর কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে।’