হ্যাকিং নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমাস জামান
আলমাস জামান

হ্যাকিংয়ের নানা দিক নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫–এর শেষ দিনে অনুষ্ঠিত হয় হ্যাকিং–বিষয়ক একটি কর্মশালা। গ্রিনভিউয়ে অনুষ্ঠিত এক ঘণ্টার এই কর্মশালা পরিচালনা করেন অ্যালুমিনিয়াম সিকিউরিটির প্রতিষ্ঠাতা আলমাস জামান। ‘রিবুট: দ্য ইথিক্যাল হ্যাকিং কনফারেন্স’ বিষয়ক এই সেমিনারে যোগ দেয় ঢাকার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কর্মশালায় বাংলাদেশে সংঘটিত সাইবার ক্রাইম বিষয়ে বিশদ বিবরণ দেন আলমাস জামান। তিনি বলেন, বাংলাদেশের সাইবার ক্রাইম তদন্ত শাখা বর্তমানে অনেক উন্নত এবং যেকোনো ধরনের সাইবার অপরাধী শনাক্ত করতে সক্ষম।
আলমাস বলেন, হ্যাকিং অসাধারণ একটি জ্ঞান, এটিকে খারাপ কাজে না লাগিয়ে ভালো কাজে ব্যবহার করলে আইন সংস্থাগুলো থেকেও কোনো বাধা আসবে না, সবাই হ্যাকারদের ভালো চোখে দেখবে।
আলমাস জানান, শিগগিরই ইন্টারনেট হটলাইন সেন্টার নামে একটি অনলাইন হেল্প সেন্টার খুলতে যাচ্ছেন তাঁরা। এখান থেকে যে কেউ তাঁদের সমস্যা এবং সমাধানের ব্যাপারে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।