হ্যাকিংয়ের শিকার হতে পারে উড়ন্ত বিমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়ন্ত অবস্থায় হ্যাকিংয়ের শিকার হতে পারে বিমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তদন্তকারী দল এ বিষয়ে সতর্ক করেছে বাণিজ্যিক বিমান পরিচালনাকারীদের। আর হ্যাকাররা চাইলে হ্যাকিং করে উড়ন্ত বিমানকে নামিয়ে দিতে পারে।
বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক বিমানে তারহীন ওয়াই-ফাই সুবিধা রয়েছে। উড়ন্ত অবস্থায় বিমানের যাত্রীরা চাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে বিষয়টি নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিভাগ। বিমানের ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগকে আরও উন্নত প্রযুক্তিসুবিধা দিয়ে এ ধরনের হ্যাকিং মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির তাগিদও দিয়েছে গোয়েন্দা তদন্তকারী দল।
তদন্তকারী দলের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়, উড়ন্ত বিমানে ইন্টারনেট ব্যবহারের এ সুবিধা সরাসরি বিমান থেকে বিশ্বের অন্যান্য স্থানে যোগাযোগের একটি সুযোগ উন্মুক্ত করেছে, যা হ্যাকারদের নজর তালিকায় আছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে বড় ধরনের হ্যাকিং হতে পারে। আর এতে বেদখল হতে পারে পুরো বিমানের নিয়ন্ত্রণব্যবস্থা। বিষয়টি স্বীকার করে এফএএ প্রশাসক মিশেল হুয়ার্তা বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি এবং সরকারের নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গেও আলাপ শুরু করেছি। প্রয়োজনে জাতীয় গোয়েন্দা সংস্থারও সহযোগিতা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করার আহ্বান জানিয়েছে একাধিক বাণিজ্যিক বিমান সংস্থা। তাদের মতে, এটা বিমানযাত্রীদের জন্য একটা দারুণ বিষয় যে তাঁরা উড়ন্ত অবস্থায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে এটি যে হ্যাকারদেরও লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে, সেটি নিয়েও কাজ করতে হবে। আমরা নিজেরাও চাই বিষয়টি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে। এ ব্যাপারে আমরা নিরাপত্তা সংস্থার সহযোগিতা চাই।
দ্য টেলিগ্রাফ