হ্যাকিংয়ের কবলে দক্ষিণ কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন কোটি দক্ষিণ কোরিয়াবাসীর ভার্চুয়াল সম্পত্তি খোয়া গেছে। দুর্ধর্ষ এই হ্যাকিং চালানো হয়েছে চীন থেকে। গত সপ্তাহে এই খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার যোগাযোগবিষয়ক কর্তৃপক্ষ। কোরিয়া কমিউনিকেশনস কমিশন জানিয়েছে, নেট (www.nate.com) ও সাইওয়ার্ল্ড (www.cyworld.com) নামের দুটি ওয়েবসাইটের ওপর হামলা চালিয়েছিল হ্যাকাররা। দুটি সাইটই চলে এসকে কমিউনিকেশনসের মাধ্যমে। ভার্চুয়াল এই দস্যুরা যে চীন থেকে হামলা চালিয়েছে, তা প্রমাণিত হয়েছে ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে।দক্ষিণ কোরিয়ায় এখন চার কোটি ৮৬ লাখ মানুষের বাস। তাদের মধ্যে নেট নামের সার্চ ইঞ্জিনটির ব্যবহারকারী আড়াই কোটি।আর সাইওয়ার্ল্ড নামের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি ব্যবহার করে তিন কোটি ৩০ লাখ। সব মিলিয়ে এই দুই সাইট থেকে ওয়েব আইডি, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং বসতবাড়ির নিবন্ধন নম্বর খুইয়েছে প্রায় ৩৫ মিলিয়ন দক্ষিণ কোরিয়ান। এসকে কমিউনিকেশনস ঘটনাটি তদন্তের জন্য পুলিশের আশ্রয় নিয়েছে। পাশাপাশি নিজেরাও ব্যাপারটি ঘেঁটে দেখছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কিম কোয়াং-সু।কিম বললেন, ‘এটাই সম্ভবত আমাদের দেশের সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা। আমরা আন্দাজও করতে পারিনি, কে বা কারা এমনটা ঘটিয়েছে। তবে ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে জানা গেছে, হ্যাকাররা চীন থেকে এই কুকর্ম চালিয়েছে।’ এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়া হ্যাকারদের কবলে পড়েছিল। ২০০৪ সালে সিউল সরকারের এজেন্সির তথ্যও চুরি করেছিল হ্যাকাররা। এ বছর এবং ২০০৯ সালের জুলাই মাসে সাইবার হামলার পেছনে পিয়ংইয়ং সরকারকে দোষী সাব্যস্ত করেছিল দক্ষিণ কোরিয়া। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার জনগণের প্রায় ৯০ শতাংশই বাড়িতে ইন্টারনেট ব্যবহার করে। —এএফপি অবলম্বনে মাহফুজ রহমান