হ্যাকিংয়ের জন্য স্কুল থেকে বহিষ্কৃত অ্যারন বন্ড!
ইউরোপের সবচেয়ে তরুণ অ্যাপ্লিকেশন ডিজাইনার খ্যাত ১৪ বছর বয়সী অ্যারন বন্ড সম্প্রতি তার স্কুল থেকে বহিষ্কৃত হয়েছে। স্কুলের কম্পিউটার সিস্টেম হ্যাক করায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, অ্যারন বন্ড স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের গোপনীয় তথ্য আর স্কুলটির ভাইস প্রিন্সিপালের অর্থ-সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। স্কুলের আইটি রুমের বুকিং সিস্টেম ও সংবাদপত্রের ওয়েবসাইট হ্যাক করলে বিষয়টি স্কুল পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে আসে।স্কুলের প্রিন্সিপাল কেট ম্যাসন অ্যারনের অবৈধভাবে একাধিকবার কম্পিউটার সিস্টেম হ্যাক করার কথা জানিয়েছেন এবং স্কুলের আচরণ ও নিয়মশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন।এদিকে বহিষ্কৃত অ্যারন বন্ড বলেছে, ‘আমি দুঃখিত, যদি হ্যাকিংয়ের ফল বুঝতে পারতাম, তাহলে আর এমন কাজ করতাম না। আসলে স্কুলের আইটি রুমে সাদা ব্ল্যাকবোর্ডের ওপর কতগুলো পাসওয়ার্ড লেখা ছিল। কিন্তু সেগুলো কাউকে দেখতে দেওয়া হতো না। আমার জিদ থেকেই আমি হ্যাকিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম।এ প্রসঙ্গে অ্যারনের মা কেট জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে স্কুলের বালকের মতোই অ্যারনের মধ্যে ঝোঁক কাজ করছিল। তবে, স্কুলের গোপনীয় তথ্য যেখানে থাকে, সেখানকার পাসওয়ার্ড-ব্যবস্থা অবশ্যই উন্নত করা প্রয়োজন।অ্যারন বন্ড স্মার্টফোনের জন্য ছয়টি অ্যাপ্লিকেশন ডিজাইন করেছে এবং তার নিজের একটি ওয়েব ডিজাইন প্রতিষ্ঠানও রয়েছে। ২০১১ সালের অ্যাপল কনফারেন্সে যাওয়ার সৌভাগ্যও হয়েছিল তার। সবচেয়ে কম বয়সে আইফোন অ্যাপ্লিকেশন তৈরির কৃতিত্ব রয়েছে অ্যারনের।