হ্যাকিংয়ের দায়ে শেটল্যান্ডের তরুণ গ্রেপ্তার
বেশ কিছুদিন ধরেই বিশ্বের নামজাদা প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের খবর পাওয়া যাচ্ছে। এসব হ্যাকিং রোধে এবার বেশ জোরেশোরেই মাঠে নেমেছেন নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিরিয়াস অর্গানাইজড ক্রাইম এজেন্সির ওয়েবসাইটে আক্রমণকারী হ্যাকারদের খুঁজে বের করার তদন্ত করতে আটঘাট বেঁধে পুলিশ কাজ শুরু করেছে। এরই মধ্যে শেটল্যান্ড দ্বীপপুঞ্জের এক তরুণকে হ্যাকিংয়ের অপরাধে কম্পিউটারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জ্যাক ডেভিস নামের ১৮ বছরের ওই তরুণকে অনুমোদিত কম্পিউটার ফাইলের তথ্য ও হ্যাকিংয়ে হামলা করার ষড়যন্ত্রের উপকরণ রাখার দায়ে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, জ্যাক ডেভিস সিরিয়াস অর্গানাইজড ক্রাইম এজেন্সির ওয়েবসাইটে হামলা করেছেন।পুলিশ বলছে, গত সোমবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত ডেভিসকে পাঁচ দফা জিজ্ঞাসাবাদ করেছেন। পুলিশ হ্যাকিংয়ের দায়ে মূলত হ্যাকিংয়ের অন্যতম পরিচিত সংগঠন লালজ সিকিউরিটি ও অ্যাননইমাসকে তদন্ত করছে। গত বুধবার পুলিশের কেন্দ্রীয় ই-ক্রাইম ইউনিট হ্যাকিংয়ের দায়ে তরুণকে গ্রেপ্তার করাকে পূর্বপরিকল্পিত বুদ্ধিমত্তা অভিযান হিসেবে উল্লেখ করছে।গত ২০ জুনের পর এক আক্রমণের ফলে যুক্তরাজ্যের সিরিয়াস অর্গানাইজড ক্রাইম এজেন্সির ওয়েবসাইটটির কার্যক্রম ঘণ্টার পর ঘণ্টা বন্ধ হয়ে গিয়েছিল। এর দায় বর্তেছিল হ্যাকিংয়ের পরিচিত সংগঠন লুলজ সেকের ঘাড়ে।এর আগে হ্যাকিংয়ের দায়ে লুলজ সেকের অন্যতম সক্রিয় সদস্য রায়ান ক্লেরিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে অবশ্য শর্ত সাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়।লালজ সিকিউরিটির সক্রিয়তায় এর আগে ভুগতে হয়েছিল সনি, ফক্স ডট কম, পিবিএস, যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে (সিআইএ) এবং নিউজ ইন্টারন্যাশনালের অধীন প্রচারমাধ্যম দ্য সানকে। বড় বড় এই সংস্থা হ্যাকিংয়ের কবলে পড়ায় নড়েচড়ে বসেছেন কর্তাব্যক্তিরা। হ্যাকিংয়ের দায়ে তাঁদের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। —বিবিসি অবলম্বনে মোছাব্বের হোসেন