হ্যাকিংয়ের শিকার ড্রপবক্স
বিনা মূল্যে ইন্টারনেটে ফাইল রাখার ক্লাউড প্রযুক্তিভিত্তিক সেবা ড্রপবক্সের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেদখল হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, প্রায় ৭০ লাখ ড্রপবক্স অ্যাকাউন্টের ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে সাইবার দুর্বৃত্তরা।
তবে ড্রপবক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। ইতিমধ্যে তৃতীয় পক্ষের কয়েকটি সেবার মাধ্যমে ড্রপবক্স থেকে হাতিয়ে নেওয়া তথ্য একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলেও জানা গেছে। হ্যাকারদের দাবি, ড্রপবক্স ব্যবহারকারীদের ৬৯ লাখ ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড তাদের কাছে রয়েছে।
এ বিষয়ে এক বিবৃতিতে ড্রপবক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রপবক্স হ্যাকড হয়নি। যেসব নাম ও পাসওয়ার্ড বেদখল হয়েছে সেগুলো তৃতীয় কোনো পক্ষের সেবা থেকে চুরি হয়েছে। তৃতীয় পক্ষের সেই সেবাগুলো ব্যবহার করে ড্রপবক্সে অন্য ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানানো হয়। ড্রপবক্সের একজন মুখপাত্র জানান, ‘আমাদের প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা থাকায় ব্যবহারকারীদের সব তথ্যই নিরাপদ রয়েছে।’
সাম্প্রতিক সময়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহারকে দায়ী করছে মূল প্রতিষ্ঠানগুলো। সাম্প্রতিক সময়ে একই ধরনের হ্যাকিংয়ের কবলে পড়ে মোবাইল ফোনে বিনা মূল্যে বার্তা আদান-প্রদানকারী অ্যাপ স্ন্যাপচ্যাট। এতে অনেক ব্যবহারকারীকে ব্যক্তিগত ছবি চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। —দ্য টেলিগ্রাফ ও দ্য নেক্সট ওয়েব