হ্যানোভারে কাল থেকে সিবিট মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলার শুরুর আগে একটা ডিসপ্লে পরীক্ষা করা হচ্ছে
মেলার শুরুর আগে একটা ডিসপ্লে পরীক্ষা করা হচ্ছে

জার্মানির হ্যানোভারে কাল ১০ মার্চ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট ২০১৪’। তবে স্থানীয় সময় আজ সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, তাঁর সঙ্গে থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।কালতাঁরা মেলা পরির্দশন করবেন।এদিনই মেলা সবার জন্য খুলে দেওয়া হবে।
এক লাখ ৭৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে চলবে ২৯তম সিবিট মেলা। ২৮টি বিশাল হলে পাঁচ দিনের এ আয়োজনে অংশ নিচ্ছে ৭০টি দেশের চার হাজার প্রযুক্তিপ্রতিষ্ঠান। আয়োজকেরা আশা করছেন মেলায় দর্শক হবে চার লাখ। সিবিটে এবারে সহযোগী দেশ হিসেবে আছে যুক্তরাজ্য। এ দেশ থেকে অংশ নিচ্ছে ১৩০টি প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি প্রতিষ্ঠান থাকছে জার্মানি ও চীন থেকে।
সিবিট মেলায় এবারও আছে বাংলাদেশের অংশগ্রহণ। বার্লিনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কনস্যুলার এম আবদুর রউফ জানিয়েছেন এবারের মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়ন থাকবে। পাশাপাশি নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফর ডেভেলপিং কান্ট্রিসের অধীন বেশ কিছু তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানসহ বাংলাদেশের হাইটেক পার্কের কর্মকর্তারা মেলায় অংশ নিচ্ছেন।
এবারের মেলার মূল বিষয় হলো ‘বিগ ডেটা অ্যান্ড ডেটাবিলিটি’।
—সরাফ আহমেদ, হ্যানোভার (জার্মানি) থেকে