হ্যানোভারে শুরু হয়েছে সিবিট ২০১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিবিটের উদ্বোধনী মঞ্চে আঙ্গেলা ম্যার্কেল ও ডেভিড ক্যামেরন
সিবিটের উদ্বোধনী মঞ্চে আঙ্গেলা ম্যার্কেল ও ডেভিড ক্যামেরন

হ্যানোভারের আবহাওয়া ছিল চমৎকার, ঝকঝকে নীল আকাশ। তাই তো গতকাল সোমবার বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিট ২০১৪ ছিল লোকে লোকারাণ্য। বাংলাদেশ থেকে আসা মেলার প্রদর্শকেরাও ব্যস্ত দিন কাটিয়েছেন। মেলার মূল আয়োজন গতকাল থেকে শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত রোববার সন্ধ্যায়। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এতে উপস্থিত ছিলেন। আঙ্গেলা ম্যার্কেল দ্রুত ইউরোপীয় তথ্যপ্রযুক্তি, তথ্যভান্ডার সুরক্ষার ব্যাপারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ডেভিড ক্যামেরন জার্মানির সঙ্গে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নানা বিষয়ে একযোগে কাজ করার কথা বলেন।
এবারের সিবিটে সহযোগী দেশ হিসেবে আছে যুক্তরাজ্য। মেলার মূল বিষয়ও ‘বিগ ডেটা অ্যান্ড ডেটাবিলিটি’। তথ্যপ্রযুক্তি মানুষের আর্থসামাজিক জীবনে সুফল বয়ে আনার পাশাশি বিড়ম্বনাও তৈরি করছে। একে বলা হচ্ছে ‘ডিজিটাল ডিপ্রেশন’। প্রযুক্তিসংক্রান্ত এই হতাশাবোধ থেকে মুক্তি পাওয়ার নানা উপায় খোঁজা হচ্ছে এবারের মেলায়। মেলা প্রাঙ্গণে সিবিট সিকিউরিটি ওয়ার্ল্ড ব্যানারে দেখানো হচ্ছে প্রযুক্তির ত্রাস বা হ্যাকারের আতঙ্ক থেকে বের হয়ে আসার নানা কৌশল। ডিজিটাল প্রযুক্তি আতঙ্ক না ছড়িয়ে যেন ব্যবহারকারীর আরও বিশ্বস্ততা অর্জন করতে পারে, সে ব্যাপারেও সচেতনতা তৈরি করা হচ্ছে মেলায়। সিবিটে এবার ৩০০টি প্রযুক্তি প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্যাভিলিয়নসহ নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফর ডেভেলপিং কান্ট্রিসের অধীনে বাংলাদেশি ১৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে সিবিটে। মেলায় এসেছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। তিনি জানান, তথ্যপ্রযুক্তির প্রসারে এই মেলার অভিজ্ঞতা অনেক কাজে লাগবে।
সিবিট মেলায় বেশ কয়েক বছর ধরে আসছেন বাংলাদেশের রুবায়েত তানভীর ও রাশেদ কামাল। তাঁরা জানান, যৌথ অংশীদারত্বের এই মেলায় অংশগ্রহণ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে; বিশেষ করে এ মেলা থেকে আউটসোর্সিং ক্ষেত্রের অনেক কিছু পাওয়ার আছে।
—সরাফ আহমেদ, হ্যানোভার (জার্মানি) থেকে