হ্যানয়ে আজ শুরু হচ্ছে অ্যাসোসিওর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা এশিয়াকে একসঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে কাজ করার আহ্বান জানাতে আজ বুধবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হচ্ছে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন অ্যাসোসিওর আইসিটি সম্মেলন ২০১৪। ভিয়েতনামের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের সংগঠন ভিনাসা এ আয়োজন করছে।
গতকাল মঙ্গলবার রাতে হ্যানয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে অ্যাসোসিওর সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এতে ভিয়েতনামের তথ্য ও যোগাযোগ উপমন্ত্রী উয়েন মিন হং বলেন, অ্যাসোসিও এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ভূমিকা রাখছে ও ভবিষ্যতেও রাখবে।
অ্যাসোসিওর সভাপতি আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘আমরা এক এশিয়া হয়ে একসঙ্গে কাজ করতে চাই। এই শতক এশিয়ার মানুষদের।’ নৈশভোজে ভিনাসার সভাপতি তুরং গিয়া বিন সবাইকে স্বাগত জানান।
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর তথ্যপ্রযুক্তি খাতের সংস্থাগুলোর সংগঠন অ্যাসোসিওর সদস্যদেশ এখন ২২টি। আজ জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে শুরু হচ্ছে সংগঠনটির ৩১তম সম্মেলন। হ্যানয়ে ১২ বছর পর এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এবারের সম্মেলনে কৃষি খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আবদুল্লাহ এইচ কাফি। এ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) একটি প্রতিনিধিদল যোগ দিচ্ছে। —পল্লব মোহাইমেন, হ্যানয় (ভিয়েতনাম) থেকে