হ্যালুসিনেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

‘হ্যালুসিনেশন’ শব্দটার সঙ্গে আমি সেবারই প্রথম পরিচিত হই, যেবার গ্রামে থাকা চাচাতো বোনের বিয়েতে গিয়েছিলাম। অনেক দিন পর গ্রামে যাওয়া, সবাই মিলিত হওয়া, মাছ ধরাসহ অনেক কিছু। সেই সঙ্গে দূর সম্পর্কের এক দাদার কাছ থেকে রসিয়ে রসিয়ে শোনা কাহিনিগুলো। দাদা যখন আমাদের পুরোনো কবরস্থানের পাশে বিরাট কোনো সাপ বা ভোররাতে পাশের বাড়ির নতুন বউটিকে জিনে ধরার বর্ণনা দিচ্ছিলেন, বড় ভাইয়া পাশে বসেই তাঁর বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করছিলেন।

.
.

আমি নিতান্তই শ্রোতা। এসব চিন্তাভাবনা আমার ধারেকাছেও ঘেঁষে না। সমবয়সী গ্রামের অন্য মেয়েটি যখন দূরের কোনো বাড়িতে চোর-ডাকাত পড়ার ঘটনাও বলে, অকপটে বিশ্বাস করি। সারা দিন হইহুল্লোড় শেষে রাতে যখন ঘুমানোর পালা আসে, তখন সবাই সারা রাত গল্প করার লোভে একসঙ্গে ঘুমাব বলে সিদ্ধান্ত নিই। পাশাপাশি দুটি রুমে ওপর-নিচে বিছানা, গভীর রাত পর্যন্ত চলা হাসি-আড্ডায় ঝিমুনি ভাবটা আসত সময় নেয় না। আমার দুই পাশে দুই চাচাতো বোন। মশারি খাটানো একা বিছানায় ঘুমাতে অভ্যস্ত আমি এপাশ-ওপাশ করেই সময় কাটাচ্ছিলাম। পাশের রুমে জ্বলতে থাকা লাইটের মৃদু আলোয় এ-ও দেখছিলাম, কে যেন বাথরুমে যাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম, পাশের রুমে কে যেন দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে। প্রথমে ভাবলাম, হয়তো আমার চোখের ভুল। ভালো করে তাকালাম, খালি গা, ১২ থেকে ১৩ বছরের একটা ছেলে। হ্যাঁ, এদিকেই তাকিয়ে আছে। সমীকরণ মেলাতে চেষ্টা করলাম, নিশ্চয়ই চোর-ডাকাত। ততক্ষণে পাশে শুয়ে থাকা চাচাতো বোনকেও সমানতালে ধাক্কা দিয়ে চলেছি। এরই মধ্যে ছেলেটা আস্তে আস্তে মশারির কাছে চলে এসেছে। ভয়ে আমার হাত-পা জমে গেছে। আড়চোখে তাকে দেখছি, ছেলেটি আমার চাচাতো বোনের দিকেই এগোচ্ছে। আমি কী করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ তার গোঙানিতে মনে হলো চিৎকার দিই।
আমার চিৎকারে পাশে থাকা দুই বোনও কিছু না বুঝেই দিল চিৎকার। সবাই উঠলে যখন বললাম, তখন লাঠিসোঁটা, টর্চ নিয়ে সারা ঘর তন্নতন্ন করে খোঁজা হলো। কিন্তু কিছু নেই। আমি গড়গড় করে সব বললাম, কেউ বিশ্বাস করল না। তখনই এই শব্দটার সঙ্গে পরিচয়—হ্যালুসিনেশন। আমি জানি, এটা হ্যালুসিনেশন ছিল না। তবে অন্যদের অবিশ্বাসের দৃঢ়তা আমাকে আজও তাড়িয়ে বেড়ায়। সত্যিই কি সেদিন আমি হ্যালুসিনেশনের কবলে পড়েছিলাম নাকি অন্য কিছু?
নুরে ফারহা বারী
ফয়’স লেক, চট্টগ্রাম