হয়রানির দায়ে ২০ কর্মীকে বরখাস্ত করল উবার
বেশ কিছু কর্মচারীর বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে অ্যাপভিত্তিক ট্যাক্সি ক্যাব সেবা উবার ২০ জন কর্মী বরখাস্ত করেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। মূলত গত ফেব্রুয়ারিতে উবারের সাবেক কর্মকর্তা সুজান ফওলারের কড়া ভাষায় লেখা ব্লগে উঠে আসে এ প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা। ব্লগে তিনি উল্লেখ করেন, এক ব্যবস্থাপক তাঁকে যৌন হয়রানি করেছেন। তবে তাঁর সঙ্গে হওয়া এই ঘটনাটি প্রতিষ্ঠানকে জানালেও তারা বিষয়টি আমলে নেয়নি। সুজানের পোস্টটি যখন ব্যাপকভাবে আলোচিত হয়, তখন উবারের মুখ্য কর্মকর্তা ট্রাভিস কালানিক এ বিষয়ে তদন্ত চালিয়ে নিতে রাজি হন।
এরপর আলাদাভাবে দুটি তদন্ত চালিয়েছে উবার। এতে হয়রানি ও অন্যান্য দাবি নিয়ে ২১৫টি অভিযোগের তদন্ত করা হয়। আইনবিষয়ক প্রতিষ্ঠান পার্কিন্স কোয় এই ২১৫টি নালিশ পর্যালোচনা করে। উবারের এক মুখপাত্র বলেন, এই পর্যালোচনায় যৌন হয়রানি, বৈষম্যসহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। এগুলোর মধ্যে ৫৪টি অভিযোগ বৈষম্য-সংক্রান্ত, ৪৭টি যৌন হয়রানি, ৪৫টি অপেশাদারি আচরণ, ৩৩টি হইচই করা, ১৯টি অন্যান্য হয়রানি এবং বাকিগুলো অন্যান্য বিষয়ের।
উবারের পক্ষ থেকে পদক্ষেপও নেওয়া হলেও তা অনেকের কাছে লোক দেখানো মনে হচ্ছে। কারণ মাত্র ২০ জন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। ৩১ জনকে আবার প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। ৭ জনকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আর ৫৭টি অভিযোগ এখনো বিবেচনাধীন রয়েছে। উবারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের কারণে উবারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। সাম্প্রতিক সময়ে বেশ চাপের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটি। অনেক দেশেই এ সেবা বন্ধের জন্য আন্দোলন চলছে। কোনো কোনো দেশ আবার আইনি, নিরাপত্তাসহ নানা কারণে উবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
মারিফুল হাসান, সূত্র: বিবিসি