হয়ে গেল ঢাকা অংশের বাছাইপর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১২ (আইসিপিসি)-এর ঢাকা পর্ব গতকাল শনিবার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১৫টি দল অংশ নেয়। প্রতিটি দলে কম্পিউটারবিজ্ঞানের তিনজন করে শিক্ষার্থী প্রতিযোগী এবং একজন করে কোচ ছিলেন। সকাল সাড়ে আটটা থেকে টানা পাঁচ ঘণ্টা চলে এ প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় প্রতিযোগীদের জন্য ১০টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে দেওয়া হয়।প্রতিযোগিতার আগের দিন শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এসিএম আইসিপিসির এশিয়া অঞ্চলের পরিচালক সি জি হুয়াং বলেন, ‘সবার মধ্যেই “আমি পারব” এ ধরনের আত্মবিশ্বাস থাকতে হবে, তাহলেই সব কঠিন কঠিন সমস্যারও সমাধান সম্ভব। বাংলাদেশ প্রতিবছর ভালো করছে এই প্রতিযোগিতায়।’নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির প্রধান হাফিজ জি এ সিদ্দিকী বলেন, ‘আমরা বিশ্বাস করি, শুধু পুঁথিগত শিক্ষা মানুষকে পূর্ণাঙ্গ জ্ঞান দিতে পারে না।’ উদ্বোধনী অনুষ্ঠানের মূল প্রবন্ধ ‘ইনোভেশন: পেটেন্ট, পাবলিশ অর পেরিশ’ উপস্থাপন করেন আইবিএম ভারতের প্রধান কর্মকর্তা ভূষান কেলকার। এতে আরও উপস্থিত ছিলেন এসিএম আইসিপিসির ঢাকা পর্বের পরিচালক আবুল এল হক, এসিএম আইসিপিসির কানপুর পরিচালক ফাল্গুনী গুপ্তা, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহাজান, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এস এ এম খাইরুল বাশার, আয়োজক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রধান যোগাযোগ কর্মকর্তা বেলাল আহমেদসহ অনেকে।শুক্রবার প্রতিযোগিতার মহড়াও অনুষ্ঠিত হয়। —ফয়সাল হাসান