হয়ে গেল সিলেট অঞ্চলের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার সিলেট আঞ্চলিক পর্ব গতকাল মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতায় সহযোগিতা করেছে শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ।
সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধন করা হয় এই আয়োজনের। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া বলেন, ‘ভিশন-২০২১ বাস্তবায়নে দেশকে নেতৃত্ব দেবে এখনকার স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা। বাংলাদেশ আইসিটি খাতের মাধ্যমে বিশ্বে তার নতুন অবস্থানের জানান দেবে। আর সে ক্ষেত্রে শিক্ষার্থীরা হবে সিলেট অঞ্চলের সারথি।
শাবিপ্রবির সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি ইনস্টিটিউটের পরিচালক মো. শহীদুর রহমান।
আইসিটি কুইজে জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিজিপিএসসি) ষষ্ঠ শ্রেণির ছাত্র মুসা আল কাফি। সেকেন্ডারিতে চ্যাম্পিয়ন বিজিপিএসসির দশম শ্রেণির শিক্ষার্থী শাওন তালুকদার। উচ্চমাধ্যমিক বিভাগে চ্যাম্পিয়ন জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের (জেসিপিএসসি) একাদশ শ্রেণির ফারহান মুহিব। প্রোগ্রামিংয়ে জুনিয়র বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে জেসিপিএসসির আবদুল্লাহ আল মাহমুদ, বিজিপিএসসির দাইয়ান নূরী দাহি ও বিজিপিএসসির মনীষ চন্দ্র রুদ্র। সিনিয়র বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে স্কলার্সহোমের ফাহিম ফাইয়াজ চৌধুরী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার তাহসিন রাশেদ চৌধুরী ও স্কলার্সহোমের ইত্তেহাদ চৌধুরী।
মিসবাহ্ উদ্দিন, শাবিপ্রবি