হয়ে গেল সিলেট অঞ্চলের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সাইবার গেমসের বাংলাদেশ বাছাই পর্বের অংশ হিসেবে সিলেট অঞ্চলের দুই দিনব্যাপী প্রতিযোগিতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গতকাল সোমবার শেষ হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিন ফিফা ২০১১-এর তিন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন গতকাল সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছেন ইউল্যাবের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আতিবুর রহমান ও রানারআপ হয়েছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাদাত হোসেইন খান।অন্যদিকে এনএফএস মোস্ট ওয়ান্টেড খেলার সব কটি রাউন্ড গতকাল অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের এনায়েত উল্লাহ এবং রানারআপ হন একই বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী হাদিউল ইসলাম। গেমসের সিলেট আঞ্চলিক পর্ব যৌথভাবে আয়োজন করে ‘এফওয়ান আইটি’ ও ‘স্পোর্টস সাস্ট’।শাবিপ্রবির ক্রীড়াসংগঠন স্পোর্টস সাস্টের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ প্রথম আলোকে জানান, ফিফা ২০১১-এ ১৯২ এবং এনএফএস মোস্ট ওয়ান্টেড খেলায় ১৬৪ জন প্রতিযোগী অংশ নেন। —শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি