১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব করে বই দেওয়া হবে: নাহিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৪ সালের পহেলা জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব দিবস পালনের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছানো হবে। যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বই দেওয়ার সব কার্যক্রম শেষ করতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত ও কারও গাফিলতি সহ্য করা হবে না। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরিদর্শন করেন। তিনি সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পাঠ্যপুস্তক প্রদান কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেন।
২০১৪ সালের ১ জানুয়ারি সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের তিন কোটি ৭০ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ কোটি বই বিতরণ করা হবে।