১০ কোটি বিক্রির মাইলফলক ছুঁল আইপড টাচ

১০ কোটি আইপড টাচ বিক্রির সাফল্য উদযাপন করছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। ২০০৭ সালে প্রথম আইপড টাচ বাজারে ছেড়েছিল প্রতিষ্ঠানটি।
আইপড বিক্রিতে ১০ কোটির মাইলফলক স্পর্শ করতে অর্ধ যুগ সময় লেগেছে অ্যাপলের। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।
২০০১ সালে প্রথম পোর্টেবল মিউজিক প্লেয়ার হিসেবে প্রথম প্রজন্মের আইপড এনে গান শোনার প্রচলিত ধারণাই পাল্টে দিয়েছিল প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ৩৫ কোটির বেশি বিক্রি হয়েছে অ্যাপলের তৈরি গান শোনার এ যন্ত্রটি।
২৯ মে বৃহস্পতিবার আইপড টাচের সর্বশেষ আপডেট এনেছে অ্যাপল। এটি হচ্ছে আইপড টাচের পঞ্চম প্রজন্ম। সর্বশেষ সংস্করণের আইপড টাচ যন্ত্রটির সামনের দিকে রয়েছে ১.২ মেগাপিক্সেলের ক্যামেরা। ১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার আইপড টাচের এ সংস্করণটি দুটি রঙে বাজারে আসছে। এর দাম হবে ২২৯ মার্কিন ডলার।
সম্প্রতি আইপডের জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলেও জানিয়েছে অ্যাপলের কর্মকর্তারা।