১০ ফেব্রুয়ারি থেকে ঢাকায় সফটওয়্যার মেলা
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় মেলা ‘বেসিস সফট এক্সপো ২০১০’ শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) আয়োজিত এ মেলা চলবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গতকাল শনিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত জানানো হয়।এ সফটওয়্যার মেলার এবারের স্লোগান হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ ইন অ্যাকশন’। সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন বেসিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিম। তিনি জানান, তথ্যপ্রযুক্তিসংক্রান্ত তথ্য, এর উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরা হবে এ মেলায়। তথ্যপ্রযুক্তির সেরা ব্যবহারকারীদের পুরস্কৃত করা হবে। তরুণদের উদ্ভাবিত তথ্যপ্রযুক্তির প্রকল্পের প্রদর্শনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলার প্লাটিনাম পৃষ্ঠপোষক গ্রামীণফোনের অতিরিক্ত মহাব্যবস্থাপক মামুন হাশমি, গোল্ড পৃষ্ঠপোষক রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী রেজাউল হাসান, বেসিসের মহাসচিব নাহিদ আহমেদ, কোষাধ্যক্ষ ফারহানা এ রহমানসহ অনেকে।আউটসোর্সিং, ইন্টারনেট, ব্যবসা-বাণিজ্য, আইসিটিসহ ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে এবারের মেলাকে। মেলায় ১৫০টির মতো স্টল থাকবে। দেশ-বিদেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান এতে অংশ নেবে। প্রদর্শনীর পাশাপাশি চলবে সম্মেলন। এবারের মেলায় ২০টির বেশি সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলা। বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে মেলায় প্রবেশের টিকিট পাওয়া যাবে। যেকোনো গ্রামীণফোন নম্বর থেকে BASIS লিখে ২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। বরাবরের মতো এবারও এ মেলায় দেশিসফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাখাতকে তুলে ধরা হবে। —তৌহিদা শিরোপা