১০ বছরে আইটিউনস
বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের গানের দোকান ‘আইটিউনস’ এক দশক পূর্ণ করল। ২০০৩ সালে গানের এ দোকানটি পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করে। অ্যাপলের বিভিন্ন পণ্যে গান শোনার জন্য বিশেষভাবে তৈরি আইটিউনস গানের জগতে বড় ধরনের এক পরিবর্তন এনেছে বলে মনে করা হয়। তবে এ ব্যাপারে অনেকের দ্বিমতও আছে। অনেকেই মনে করছেন, আইটিউনস চালুর পর সংগীতশিল্পীদের ক্ষতির পরিমাণ বেড়েছে। এক পরিসংখ্যানে জানা যায়, ২০০৩ সালে যখন আইটিউনস পুরোপুরি চালু হয় সে সময় যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পের বার্ষিক আয় ছিল এক হাজার ১৮০ কোটি ডলার। আর সাইটটি চালু হওয়ার এক দশকের মধ্যে এ আয় দাঁড়িয়েছে ৭১০ কোটি ডলার। এ বিষয়ে গবেষণাসংশ্লিষ্ট একজন জানিয়েছেন, আয়ের পরিমাণ কমলেও তবে গান বিক্রির পরিমাণ বেড়েছে আইটিউনস আসার পরই। এর অন্যতম কারণ হচ্ছে আইটিউনসে ডিজিটাল অ্যালবাম বিক্রি হয় ১০ ডলারে আর অ্যালবামের প্রতিটি গান বিক্রি হয় ৯৯ সেন্টে। সে তুলনায় বাজারের অ্যালবামের দাম বেশি বলেও উল্লেখ করেন তিনি। যাত্রা শুরুর মাত্র তিন বছরেই গান নামানোর (ডাউনলোড) ক্ষেত্রে কোটির মাইলফলক অর্জন করে আইটিউনস। পাশাপাশি ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পে আইটিউনস শীর্ষ স্থান অর্জন করে। গানের এমন মূল্য আর সহজে শোনার ব্যবস্থা থাকায় আইটিউনসের মাধ্যমে গান বিক্রি বেড়ে যায়। আর এতেই পরিবর্তন হয় সংগীত খাতের। নিজেদের সেবার বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, ‘আমরা আমাদের সকল পণ্যের হার্ডওয়্যার, সফটওয়্যার এমনকি আমাদের সেবাগুলোর ক্ষেত্রে সব সময়ই বিশেষ উদ্যোগ নিয়ে থাকি। যাতে করে আমাদের পণ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা নিশ্চিন্তে থাকেন এবং স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন।’ আইটিউনসের ব্যাপারে ব্যবহারকারীদের রয়েছে দারুণ সমর্থন। গান শোনার এমন সহজ পদ্ধতিকে ব্যবহারকারীরা দারুণ পছন্দও করেছেন। —গার্ডিয়ান অবলম্বনে কাজী আলম