১০ লাখ টাকার বিজয়ী কারা জানা যাবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের অ্যাপ বানিয়ে কোন দল ১০ লাখ টাকার পুরস্কার জিতছে, জানা যাবে আজ। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬’-এর ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হবে। গত বছরের ২৪ মে শুরু হয় এই প্রতিযোগিতা। এরই মধ্যে শীর্ষ ১৫টি দল নির্বাচিত হয়েছে। এই অ্যাপ প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সমন্বয়ক রাজেশ পালিত গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, চূড়ান্ত পর্বের জন্য গত ১১ মার্চ ৩০টি দল বিচারকদের সামনে নিজেদের বানানো অ্যাপ উপস্থাপন করে। এরপর ১৫টি দল নির্বাচন করা হয়। তাদের উপসস্থাপনা, অ্যাপের বিপণন কৌশলসহ বিভিন্ন কিছু দেখে বিচারকেরা বিজয়ী নির্বাচন করবেন। চতুর্থবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অনেক দলই অ্যাপের কারিগরি বিষয়ে ভালো দক্ষতা দেখিয়েছে।

১৫টি অ্যাপের মধ্যে শিক্ষা বিভাগে রয়েছে ‘প্রিমেট’, ‘পতে পড়া, খতে খেলা’, ‘বায়োস্কোপ’ ও ‘আইসিটি টিউটর’।

কৃষি ও পশু পালন বিভাগে রয়েছে ‘খামার’ ও ‘হাঙ্গারস’।

‘হেলথ মাস্টার’, ‘হেলথ পাল’, ‘স্বাস্থ্যকথন’ ও ‘হ্যালোপ্যাথি’ রয়েছে স্বাস্থ্য ও জীবনযাপন বিভাগে।

গেম বিভাগে রয়েছে ‘গেরিলা ব্রাদার্স’, ‘শব্দমেলা’, ‘মুসাফির’, ‘অ্যাওয়াকেন্ড’ ও ‘ডাংগুলি’।

প্রতিযোগিতার সেরা অ্যাপের জন্য বিজয়ী দল পাবে ১০ লাখ টাকা পুরস্কার। সঙ্গে রয়েছে ট্রফিও। এ ছাড়া তিনটি বিভাগেই প্রথম পুরস্কার দুই লাখ টাকা। প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে বিশ্বব্যাংক ও কানাডা।