১০ শতাংশ কম্পিউটারই হ্যাকারের দখলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী ব্যবহূত কম্পিউটারের প্রায় ১০ শতাংশই হ্যাকারদের দখলে রয়েছে। সাইবার অপরাধের ওপর সাম্প্রতিক সময়ে পরিচালিত এক আন্তর্জাতিক সমীক্ষায় এই তথ্য বেরিয়ে এসেছে। অন্যের কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ এবং তথ্য চুরির মাধ্যমে অর্থ উপার্জনের লক্ষ্যে বিশ্বব্যাপী হ্যাকাররা আগের তুলনায় আরও বেশি সংগঠিত ও সংঘবদ্ধ হচ্ছে বলেও এই সমীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিখ্যাত অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এভিজিও সাইবার অপরাধের ওপর সম্প্রতি একটি সমীক্ষা পরিচালনা করে। এভিজির সমীক্ষায় দেখা যায়, হ্যাকাররা গত দুই মাসে ১৬৫টি ইন্টারনেট ডোমেইন ব্যবহার করে প্রায় এক কোটি ২০ লাখ কম্পিউটার ব্যবহারকারীর সঙ্গে প্রতারণা করেছে এবং প্রায় ১২ লাখ কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। হ্যাকারদের অধিকাংশই ক্রেডিট কার্ড, ব্যাংক হিসাব, ই-মেইল এবং বিমাসংক্রান্ত বিভিন্ন গোপন ও স্পর্শকাতর তথ্য জানার ব্যাপারে আগ্রহী। এভিজির সমীক্ষায় দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রেই ওয়েবসাইট দেখার বিভিন্ন সফটওয়্যারের (ব্রাউজার) অভ্যন্তরীণ ত্রুটি ও দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ইন্টারনেটে যুক্ত কম্পিউটারে আক্রমণ চালায়। এ ধরনের আক্রমণের এক-তৃতীয়াংশই ঘটে মাইক্রোসফট নির্মিত ওয়েবসাইট দেখার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন ত্রুটির কারণে। ওয়েবসাইট দেখার জন্য অপেক্ষাকৃত নিরাপদ সফটওয়্যার হচ্ছে অ্যাপল নির্মিত সাফারি। এর ত্রুটির জন্য সাইবার আক্রমণের ঘটনা ঘটে তিন শতাংশের মতো। এ ছাড়াও অ্যাডোবি এবং সান মাইক্রোসিস্টেমসের কিছু সফটওয়্যারের অভ্যন্তরীণ ত্রুটিও সাইবার আক্রমণের জন্য দায়ী। সমীক্ষায় আরও দেখা যায়, হ্যাকারদের বেশির ভাগেরই বাস ইউক্রেন, রাশিয়া ও কাজাখস্তানে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ায় সাইবার আক্রমণের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। —ডেইলি টেলিগ্রাফ অবলম্বনে সুজয় দাস