১০ হাজার কর্মী ছাঁটাই করছে নকিয়া (ভিডিও)
ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া বিভিন্ন দেশে তাদের প্রতিষ্ঠান থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে নকিয়ার আর্থিক লোকসানের পাল্লা ভারী হওয়ায় কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ইলোপ। বিবিসি জানিয়েছে, ২০১০ সালের পর স্টিফেন ইলোপ দায়িত্ব নেওয়ার পর থেকে মোট ৪০ হাজার কর্মী ছাঁটাই হয়েছেন। তবে এবারে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।২০১০ সালের পর থেকে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটির আর্থিক দৈন্যতা দেখা দিতে শুরু করে। কারণ, এ সময়ে ৭০ শতাংশ শেয়ারের দাম পড়ে যায়। কর্মী ছাঁটাই প্রসঙ্গে নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ বলেন, খরচ কমানো ও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার মাধ্যমে নকিয়া আবারও শক্তভাবে ঘুরে দাঁড়াবে।
বর্তমানে নকিয়া তাদের সিমবিয়ান অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম ছেড়ে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমনির্ভর মোবাইল ফোন তৈরিতে কাজ করছে।