১০০ কোটি ছাড়িয়েছে ফোরজি সংযোগ
২০১৫ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সংযোগ ফোরজির ব্যবহার ১০০ কোটি ছাড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে মোট মোবাইল সংযোগের এক-তৃতীয়াংশে থাকে ফোরজি। স্পেনের বার্সেলোনায় ২১ ফেব্রুয়ারি মোবাইল ফোন প্রযুক্তির সবচেয়ে বড় মেলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে মোবাইল ফোন সংযোগদাতাদের সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মোবাইল অর্থনীতি শিরোনামের এই প্রতিবেদনে দেখানো হয়, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে থ্রিজি এবং ফোরজি সংযোগ নেওয়ার হার বাড়ার ফলে ডিজিটাল উদ্ভাবন, স্মার্টফোন ব্যবহারের হার এবং মোবাইলে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালে বিশ্ব অর্থনীতিতে মোবাইল শিল্পের অবদান ৩ লাখ ১০ হাজার কোটি ডলার, যা মোট জিডিপির ৪.২ শতাংশ। শুধু গত বছরেই ফোরজি সংযোগ দ্বিগুণ হওয়ার পেছনে উন্নয়নশীল দেশগুলোতে ফোরজি সংযোগের হার বৃদ্ধি হওয়াই কারণ হিসেবে দেখছেন বাজার-বিশ্লেষকেরা। জিএসএম অ্যাসোসিয়েশনের মহাসচিব ম্যাটস গ্র্যানরাইড বলেন, মোবাইল সংযোগদাতারা পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কে বিনিয়োগ করেছেন। ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে মোবাইল প্রযুক্তির উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের শেষ নাগাদ অন্তত একটি মোবাইল সংযোগ ব্যবহার করে এমন মানুষের সংখ্যা ৪৭০ কোটিতে পৌঁছেছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৬৩ শতাংশ। ২০২০ সালে সংখ্যাটা ৫৬০ কোটিতে পৌঁছাবে। আগামী পাঁচ বছরে নতুন সংযোগ গ্রহণের ৯০ শতাংশ আসবে উন্নয়নশীল দেশগুলো থেকে।
এএফপি অবলম্বনে