১০০ কোটি ডলার হবে টুইটারের মোবাইল বিজ্ঞাপন আয়
জনপ্রিয় খুদে ব্লগিং সাইট টুইটারের মোবাইল বিজ্ঞাপন থেকে আয়ের পরিমাণ ১০০ কোটি ডলার হবে আগামী বছর! সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটিয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী এ কথা জানা গেছে। এ ছাড়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের মধ্যে টুইটারের মোট আয়ের প্রায় ৬০ শতাংশই আসবে মোবাইল বিজ্ঞাপন থেকে। গত বছরে টুইটারের বিজ্ঞাপন থেকে বার্ষিক আয় এসেছিল ৫৮ কোটি ২৮ লাখ ডলার, যা চলতি বছরে দ্বিগুণ হয়েছে এবং আগামী বছরে সেটি ১০০ কোটি ডলারে পৌঁছাবে। মাত্র ১৪০ শব্দের মধ্যে সর্বশেষ হালনাগাদ, ব্লগিং করার সুবিধা দেয় টুইটার। বর্তমানে এর মাসিক ব্যবহারকারী প্রায় ২০ কোটি। কম্পিউটারের চেয়ে মোবাইল ফোনে ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়তা টুইটারের। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, সার্চ ইঞ্জিন গুগলসহ বর্তমানে প্রযুক্তি জগতের সেরা সব প্রতিষ্ঠানই মোবাইল বিজ্ঞাপনের দিকে বেশি নজর দিচ্ছে। ফেসবুক জানিয়েছে, তাদের মোবাইল বিজ্ঞাপন থেকে আয়ের পরিমাণ বেড়েই চলছে। ইমার্কেটিয়ারের মতে, ফেসবুক এবং গুগলকে পেছনে ফেলে মোবাইল বিজ্ঞাপনে আয়ের দিক দিয়ে শীর্ষে আছে টুইটার। আর তাই টুইটার নিজেদের নানা ধরনের সেবার ক্ষেত্রে মোবাইলকেই বেশি প্রাধান্য দিচ্ছে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম