১০০টি আউটসোর্সিং পুরস্কার দিল বেসিস
অনলাইনভিত্তিক আউটসোর্সিং খাতে দক্ষতার প্রমাণ রাখা ১০০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সারা দেশে তথ্যপ্রযুক্তির বিভিন্ন শাখায় ফ্রিল্যান্স আউটসোর্সিং করে তাঁরা আয় করছেন উল্লেখ করার মতো বৈদেশিক মুদ্রা। গতকাল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সচিব নজরুল ইসলাম খান বলেন, সরকারও ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ ও আর্থিক সাহায্য দিতে চায়। অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সবুর খান ও বেসিসের সভাপতি ফাহিম মাশরুর বক্তৃতা করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ, লিডসফট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী পাপিয়াস হাওলাদার, বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদসহ অনেকে। ব্যক্তি পর্যায়ে পুরস্কার পাওয়া শুভংকর হালদার বলেন, ‘আমি চার বছর ধরে আউটসোর্সিংয়ের কাজ করছি। এবারই কোনো পুরস্কার পেলাম।’অনুষ্ঠানে মোট চারটি বিভাগে ১০০ জনকে পুরস্কৃত করা হয়। যাদের ভেতর সেরা আউটসোর্সিং কোম্পানি বিভাগে ১৫টি প্রতিষ্ঠান, ব্যক্তি পর্যায়ে ১৮ জন, জেলা পর্যায়ে ৬৪ জন এবং তিনজন নারী এ পুরস্কার অর্জন করেন। ব্যক্তি পর্যায়ের ১৮ জন পুরস্কার পাওয়া মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হলেন বনি ইউসুফ, গোলাম মওলা, এইচ এম মুনাফ, খন্দকার আহসান হাবিব, মামুন সৃজন, মো. আবদুল্লাহ, আলী আসগর, আসিফ-উজ-জামান, সাব্বির আহমেদ, মোহাম্মদ আশরাফ হোসাইন, মইনুল ইসলাম, নিয়াজ মকদুম, রজত চক্রবর্তী, সজীব সরকার, সেলিম সাজিদ, শফিউল আলম, শুভংকর হালদার ও তানভীর জুনায়েদ। নারী বিভাগে বিজয়ীরা হলেন এমরাজিনা ইসলাম, নুসরাত জাহান ও সাহরিনা ইয়াসমীন। পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো এমরাভি লিমিটেড, আস্থা আইটি রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড, এটিআই লিমিটেড, ব্রেইন সলিউশন-২৩, এসেনিক এশিয়া লিমিটেড, কাজ সফটওয়্যার লিমিটেড, এমএফ এশিয়া লিমিটেড, এম অ্যান্ড এইচ ইনফরমেটিকস (বিডি) লিমিটেড, সেন্টরানা বিডি প্রাইভেট লিমিটেড, স্ট্রাকচারড ডাটা সিস্টেমস লিমিটেড, বোর্ডিং ভিসতা লিমিটেড, গ্রাফিক পিপল লিমিটেড, পিক্সেলনেট টেকনোলজিস লিমিটেড, সার্ভিস ইঞ্জিন লিমিটেড ও সেহালা আইটি লিমিটেড। এ ছাড়া প্রতিটি জেলা থেকে একজন করে ৬৪ জন এই পুরস্কার লাভ করেন। —হাসান ইমাম