১০২ বছর টিকে থাকবে আলিবাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশক দুয়েক আগেও চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা যখন কিছু বলার চেষ্টা করতেন, তখন কেউ তাতে কান দেননি। অথচ এখন হাজারো লোক তন্ময় হয়ে তাঁর কথা শোনেন; শ্রোতাদের মুখে মুখে সেই কথা ঘুরে ফেরে। দিন কয়েক আগে যেমন চীনের হাংঝৌ শহরের হুপান কলেজের একঝাঁক হবু উদ্যোক্তার সামনে একজন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর দর্শন ও আলিবাবার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাঁর বক্তৃতার খবরের শিরোনাম হতে সময় লাগেনি একটুও।

কলেজটি ২০১৫ সালে জ্যাক মা নিজেই প্রতিষ্ঠা করেন। সঙ্গে ছিলেন আরও সাত উদ্যোক্তা। উদ্দেশ্য হলো সামাজিক উন্নয়নে পরবর্তী প্রজন্মের জন্য উদ্যোক্তা তৈরি করা। কলেজটির তৃতীয় ব্যাচের ৪৪ জন শিক্ষার্থীর সামনে কথা বলেন জ্যাক মা। এই শিক্ষার্থীদের সবাই নিজ নিজ ব্যবসায় উন্নয়নে অন্তত তিন বছর কাজ করেছেন।

অর্থ উপার্জনই সাধারণত প্রধান নির্বাহীদের ব্যবসায়িক দর্শন হয়ে থাকে। সেই সময়টা পার করে এসেছেন বলে মনে করেন জ্যাক মা। এখন তাঁর লক্ষ্য হলো—এমন প্রতিষ্ঠান দাঁড় করানো, যা দশকের পর দশক ধরে টিকে থাকবে। আলিবাবা নিয়ে তাঁর লক্ষ্যটা অবশ্য আরও দীর্ঘ, এক শতকের কিছু বেশি। আপাতত।

জ্যাক মা বলেন, আলিবাবার লক্ষ্য হলো অন্তত ১০২ বছর টিকে থাকা। তাঁর হিসাবটা অনেকটা এমন—আলিবাবা যেন অন্তত তিনটি শতক স্পর্শ করে। প্রতিষ্ঠানটির কাজ শুরু হয় ১৯৯৯ সালে, অন্যভাবে বললে বিংশ শতকে। এদিকে পুরো একুশ শতক রাজত্ব করে পরবর্তী শতকের অন্তত প্রথম বছর অর্থাৎ ২১০১ সাল পর্যন্ত যেন তা টিকে থাকে, তা-ই চান জ্যাক মা। তিনি ব্যবসায় প্রতিষ্ঠা করতে চান টিকে থাকার জন্য, বিক্রি করে অর্থ আয়ের জন্য নয়।

সে কারণেই হয়তো যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ধারা জ্যাক মার পছন্দ না, যা তিনি জানিয়েছেন কোনো রকম রাখঢাক ছাড়াই। এর চেয়ে বরং সিয়াটলে স্থাপিত প্রতিষ্ঠানগুলো তিনি বেশি পছন্দ করেন। কারণ, এগুলো বিক্রির জন্য শুরু করা হয়নি। ‘মাইক্রোসফট, বোয়িং, আমাজন ও স্টারবাকসের কথাই ধরুন। এগুলোর সবই শুরু হয়েছে সিয়াটলে।’ বলেন জ্যাক মা।

মেহেদী হাসান, সূত্র: ই২৭

বক্তৃতায় ব্যবসা পরিচালনায় একজন প্রধান নির্বাহীর কী কী করণীয়, তা তুলে ধরেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু এখানে দেওয়া হলো।

সেরা কর্মী নিয়োগের প্রয়োজন নেই

কাজের জন্য যে উপযুক্ত তাঁকেই নিয়োগ দিন। সেরা কর্মী হলো তাঁরা, যাঁদের আপনি প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নিতে পারবেন।

কর্মীদের বিভিন্ন কাজে পারদর্শী করে তুলুন

জ্যাক মা বলেন, ‘মানুষ প্রায়ই একটা কথা বলে। আর তা হলো বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদগুলোর চেয়ে বরং ওয়েস্ট পয়েন্ট বেশি প্রধান নির্বাহী তৈরি করে।’ ওয়েস্ট পয়েন্ট হলো নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টির সামরিক প্রশিক্ষণকেন্দ্র। এই কথার অর্থ—একই কর্মীকে বিভিন্ন ধরনের কাজের দায়িত্ব দিলে, সেই কর্মী আরও বেশি দক্ষতা অর্জন করবেন।

কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য গুরুত্বপূর্ণ

আলিবাবার লক্ষ্য হলো কোনো ব্যবসায় পরিচালনা সহজ করে তোলা। প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে সেই লক্ষ্য বারবার ভাগাভাগির কথা বলেন জ্যাক মা। এতে সেই কর্মীরা যখন কোনো সিদ্ধান্ত নেবেন, তখন তাঁরা ব্যবসায়ের মূল লক্ষ্যের কথা মাথায় রেখেই তা নেবেন। অন্যভাবে বললে, ব্যবসায়িক লক্ষ্যই হয়তো কর্মীদের মধ্যে একটা বন্ধন তৈরি করবে।