১১ অগ্রবর্তিনী
কুমিল্লার মেয়ে সামিনা আক্তার। এত দিন সবাই তার এই একটি নাম জানলেও এরই মধ্যে আরেকটি নতুন নাম যোগ হয়েছে সামিনার। আই-জিনিয়াস! স্কুলের বন্ধুরা ডাকতেও শুরু করেছে সে নামে। ভালোই লাগে শুনতে সামিনার। চিকিৎসক হয়ে পাল্টে দিতে চায় দেশের স্বাস্থ্যসেবা। নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সামিনা বলে, ‘গিয়েছিলাম কৌতূহল নিয়ে কেমন প্রতিযোগিতা তা-ই দেখতে। কিন্তু প্রস্তুতি ছাড়াই কুমিল্লার আই-জিনিয়াস হয়ে যাব ভাবিনি। এখন তাই স্বপ্নের পালে জোরসে হাওয়া বইছে। এবার হতে চাই দেশসেরা।’সামিনার মতো দেশের সেরা আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন ভর করেছে শাহানা আক্তারের মধ্যেও। কারণ, গত বছরও ঢাকার কেরানীগঞ্জ থেকে সে-ই হয়েছিল আই-জিনিয়াস। সেবার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল শাহানা। এ বছর ভর্তি হয়েছে ওয়েস্টার্ন কলেজে। বিশ্ব জয় করার উদ্দেশ্য নিয়ে মাঠে নামা শাহানা বলে, ‘পর পর দুইবার কেরানীগঞ্জ থেকে আই-জিনিয়াস হলাম। আর তাই আমার আত্মবিশ্বাসের মাত্রাটাও বেড়ে গেছে। গত বছরের অভিজ্ঞতাই আমাকে এই সাহস দিচ্ছে। আর তাই সেভাবেই তৈরি হচ্ছি। বাকিটা না হয় সময়ই বলে দেবে।’ রাফিয়া ফেরদৌসও যেন পুনরাবৃত্তি করল শাহানার কথার। কারণ, চাঁদপুরের মেয়ে রাফিয়াও গত বছর আই-জিনিয়াস নির্বাচিত হয়েছিল। ঢাকায় লড়াই করেছিল চূড়ান্ত আই-জিনিয়াস পর্বে। গ্র্যান্ডমাস্টার হতে না পারলেও সেখানকার অভিজ্ঞতা আর বছরজুড়ে ইন্টারনেটের সঙ্গে থাকা তাঁকে শক্তি জোগাচ্ছে। রাফিয়া বলেন, ‘গত বছর আমি আমার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতেকলমে ইন্টারনেট বিষয়ে ধারণা দিয়েছি। স্প্রেড দ্য লাইট কার্যক্রমের অংশ ছিল এটি। কাউকে শেখাতে পারার কী যে আনন্দ তা সেবার বুঝেছি। এবার তাই দেশসেরার খেতাব জিততে চাই আমি।’ পুরান বাজার ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণী পড়ুয়া রাফিয়ার লক্ষ্য, ভালো মানুষ হওয়া। ফার্মাসিস্ট হতে চায় চুয়াডাঙ্গার মেয়ে ঈশিতা ইয়াসমীন। গত বছর অংশ নিতে পারেনি আই-জিনিয়াস প্রতিযোগিতায়। তাই সুযোগটার জন্য এবার অনেকটা মুখিয়েই ছিল ঈশিতা। প্রতিযোগিতার দিন সকাল সকাল চলে আসে ভেন্যুতে। এরপর একটার পর একটা পর্ব টপকে ফাইনালে। সে বলল, ‘কীভাবে যেন ফাইনালে চলে এলাম। আর তখনই মনে হলো, আমি আই-জিনিয়াস হতে পারি। শেষ প্রশ্নটির উত্তর দিয়ে যখন বিজয়ী হয়ে গেলাম তখনো আমার বিশ্বাস হচ্ছিল না। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো ঘটে গেল।’ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়া এই মেয়েটি এখন স্বপ্ন দেখছে গ্র্যান্ডমাস্টার খেতাব জেতার।আফরিনা আসাদ ছোট্টটি থেকে একা একা চলতেই পছন্দ করে। মেয়ে বলে ঘরের ভেতর থাকতে হবে, এমন ধারণা মোটেই বিশ্বাস করে না তাঁর পরিবারও। গত বছর আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিলেও বাদ পড়ে যায় এন্ট্রি রাউন্ডেই। কিন্তু হাল ছাড়েনি। এ বছর তাই সাফল্য পেয়েছে আফরিনা। জিতে নিয়েছে আই-জিনিয়াস খেতাব। উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীর এই শিক্ষার্থী হতে চান তড়িৎ প্রকৌশলী। ফিজিকস আর ম্যাথমেটিকস তাঁর প্রিয় বিষয়। কারণ এখানে নতুন নতুন সমস্যার মোকাবিলা করা যায়। চ্যালেঞ্জ নিতে সব সময়ই ভালো লাগে আফরিনার। আর চ্যালেঞ্জে জিতে গেলে তা যেন আরও ডালপালা বিস্তার করে ঘিরে ধরে। পড়াশোনার ফাঁকে ফাঁকে এখন তাই মোবাইল হাতে দ্রুত টাইপিং শিখছে আফরিনা। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে পারদর্শী করে তুলতে পারে সব বিষয়ে। তাই প্রতিটি শিক্ষার্থীকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা দরকার’ বলে মনে করে আফরিনা আসাদ। কিশোরগঞ্জ থেকে এ বছর আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে সাদিয়া আজিজ। এস বি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে চলছে তার পাঠ গ্রহণ। অ্যারোনটিক্যাল প্রকৌশলী হয়ে সাদিয়া বদলে দিতে চায় সমাজের দৃষ্টিভঙ্গি। সেই সঙ্গে ইন্টারনেটসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করতে চায় সে। তবে সিলেটের মেয়ে রেহনুমা মোবিন স্বপ্ন দেখে ডিজিটাল বাংলাদেশের। সেই লক্ষ্যে কাজও করতে চায়। রেহনুমা বলে, ‘সারা দেশের ১২০ জন আই-জিনিয়াসের আমি একজন। এটি যেমন ভাবতে ভালো লাগে, তেমনি মনে করি, আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। সেই তাড়না থেকেই মনে করি, আমাকে আরও ভালো কিছু করতে হবে। মেয়ে বলে পেছনে পড়ে থাকার দিন অনেক আগেই ফুরিয়ে গেছে।’ সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ছে রেহনুমা।মৌলভীবাজার থেকে এবার আই-জিনিয়াস খেতাব জিতেছে ইবতেশাম নওশিন। মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নওশিন বলে, ‘এটা সত্যি সত্যি রোমাঞ্চকর এক অনুভূতি। দেড় শতাধিক শিক্ষার্থীকে পেছনে ফেলে আমার মাথায় উঠেছে এই খেতাব। আমার কাছে মৌলভীবাজারকে কিছু দেওয়ার সুযোগ এসেছে। তাই সুযোগটাকে কাজে লাগাতে চাই।’গত বছর শান্তাহারের প্রতিযোগিতায় আই-জিনিয়াস হয়েছিল বগুড়া শহরের এক শিক্ষার্থী। শান্তাহারের মেয়ে সাদিয়া ইসলাম তখন দশম শ্রেণীর শিক্ষার্থী। সেবার ব্যাটে-বলে না মিললেও এবার নিজেকে চিনিয়েছে সাদিয়া।শান্তাহার সরকারি কলেজ একাদশ শ্রেণীতে অধ্যয়নরত সাদিয়া বলে, ‘লেখাপড়া করে প্রশাসনিক কর্মকর্তা হতে চাই। আর তাল মিলিয়ে চলতে চাই সারা বিশ্বের সঙ্গে। সে জন্য যেকোনো প্রতিযোগিতার মুখোমুখি হতে ভয় নেই।’ নিজে চিকিৎসক হতে চায়। প্রযুক্তি আর বিজ্ঞানের সব ধরনের সুবিধা নিয়েই সেবা দিতে চায় সীলমা সুবাহ রাইসা। কক্সবাজারের আই-জিনিয়াস সীলমা সুবাহ রাইসা পড়ছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে। সে বলে, ‘কক্সবাজারের আই-জিনিয়াস হয়েছি। তাই এবার সেরাদের সেরা হতে চাই।’ তবে সীলমাকে প্রস্তুতি নিতে হচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে। কারণ, সামনে তার এসএসসি পরীক্ষা। তবে কোনোটাকেই চাপ মানতে নারাজ সে। তার মতে, ‘নিজের ইচ্ছার বাইরে হলে চাপ হতো। কিন্তু এটা তো তা নয়। আমার ইচ্ছা আছে ভালো কিছু করে দেখানোর।’সীলমার মতো সাতক্ষীরার আই জিনিয়াস অনন্যা প্রভা ইসলামও হতে চায় চিকিৎসক।