১১ আগস্ট বিআইজেএফ নির্বাচন
আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১২-১৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সেই লক্ষ্যে ১৬ জুলাই বিকেল চারটায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২১ জুলাই বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার মোস্তাফা জব্বার ও দুই নির্বাচন কমিশনার স্বাক্ষরিত নির্বাচন তফসিল থেকে এসব তথ্য জানা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ জুলাই বিকেল তিনটা পর্যন্ত প্রাথমিক ভোটার তালিকা সম্পর্কে লিখিত আপত্তি জানানো যাবে এবং এরপর এ আপত্তি বিষয়ে শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২১ জুলাই বিকেলে পাঁচটায় মনোনয়নপত্র বাছাই শেষে বিকেল ছয়টায় বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। অপরদিকে ২৪ জুলাই বিকেলের মধ্যে নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর ২৫ জুলাই বিকেল চারটায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হবে প্রার্থী পরিচিতি সভা। নির্বাচনী তফসিল মতে, আগামী ১১ আগস্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। —নিজস্ব প্রতিবেদক