ক্যানসারের ঝুঁকিতে ৯/১১-এর উদ্ধারকর্মীরা, দায়িত্ব নিল রাষ্ট্র
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন, উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মী, অগ্নিনির্বাপক দলের সদস্যসহ সংশ্লিষ্ট ৭০ হাজার ব্যক্তিকে ক্যানসারের চিকিত্সা বিনা মূল্যে দেবে মার্কিন স্বাস্থ্য অধিদপ্তর। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তরের ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ’ নামের সংস্থার পক্ষ থেকে ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও অগ্নিনির্বাপক দলের সদস্যদের বিনা মূল্যে ক্যানসার পরীক্ষা ও চিকিত্সা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।৯/১১-এর হামলার পর সৃষ্ট ধোঁয়া ও ভবনধসের ফলে ছড়িয়ে পড়া বিভিন্ন বিষাক্ত উপাদানের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিত্সাসেবা নিশ্চিত করতে ২০১১ সালের ২ জানুয়ারি ‘জাদরোগা ৯/১১ হেলথ অ্যান্ড কমপেনসেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যাঁরা জরুরি অবস্থায় কাজ করেছেন, তাঁদের স্বাস্থ্যের বিষয়টি এ বিলের আওতায় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। জাদরোগা আইনের ফলে তৈরি হয় ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ প্রোগ্রাম’। এ কর্মসূচির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন জন হাওয়ার্ড। বিনা মূল্যে ক্যানসার চিকিত্সা প্রসঙ্গে জন হাওয়ার্ড জানান, ৯/১১ হামলার ঘটনায় জরুরি উদ্ধারকর্মীরা ও হামলায় বেঁচে যাওয়া লোকজনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জন হাওয়ার্ড আরও জানান, ওই সব মানুষের ৫০ ধরনের ক্যানসারের পরীক্ষা চালানো হবে।নিউইয়র্ক শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, ‘আমরা শুরু থেকেই ক্যানসার চিকিত্সার বিষয়টি এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছি। এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে যাঁরা ৯/১১ ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের চিকিত্সাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।’নিউইয়র্ক শহরের অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, সন্ত্রাসী হামলার পর সেখানে অগ্নিনির্বাপক দলের সদস্যদের মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গ্রাউন্ড জিরোতে কাজ করার পর অসুস্থ হয়ে মারা গেছেন অগ্নিনির্বাপক দলের ৬৪ জন সদস্য।২০১১ সালে গবেষকেরা জানিয়েছিলেন, বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার পর জেট ফুয়েল, ডিজেল, জৈব জ্বালানি, দালানের উপাদানসহ প্রায় ২৮৭ ধরনের রাসায়নিক চারপাশে ছড়িয়ে পড়েছিল। আশপাশের যারা ওই বাতাসে শ্বাস নিয়েছিল, তাদের মধ্যে ক্যানসার ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু অনেক ধরনের ক্যানসারের লক্ষণ ২০ বছরের আগে ধরা পড়ে না বলে সেগুলোর কারণ যে ৯/১১, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।ক্যানসার ছড়িয়ে পড়া প্রসঙ্গে গবেষক ক্রেন জানান, হামলার পর দ্রুত কাজে নেমে পড়া উদ্ধারকর্মীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেও ক্যানসারের লক্ষণ দেখা যায়নি। তবে হামলার পরপরই বিশ্ব বাণিজ্য কেন্দ্রের চারপাশের বাতাসে ক্যানসার সৃষ্টির উপাদান সংগ্রহ করা সম্ভব হয়নি। তখন বাতাসে কী উপাদান ছিল, এখন পর্যন্ত কেউ তা জানেন না। তাই বর্তমানে ক্যানসারের ঝুঁকি নির্ণয় করাটা কঠিন।তবে এ বছরের ৩১ মার্চ হাওয়ার্ড জানতে পারেন, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) নামের প্রতিষ্ঠানটির এ-সংক্রান্ত এক গবেষণায় প্রমাণ মিলেছে, বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার পর ক্যানসার সৃষ্টির জন্য দায়ী ১৫টি যৌগ সে সময় বাতাসে ছিল। আর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টক্সিকোলজি প্রোগ্রামের গবেষকেরা ক্যানসারের ঝুঁকি তৈরি করে এ রকম মোট ৩৭টি উপাদান শনাক্ত করেন।