১১ দিনের মাথায় মজিলার সিইওর পদত্যাগ
ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের প্রতিষ্ঠান মজিলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্র্যান্ডন আইচ মাত্র ১১ দিনের মাথায় পদত্যাগ করলেন। গত ২৪ মার্চ প্রোগ্রামিং ভাষা ‘জাভাস্ক্রিপ্টে’র জনক ব্র্যান্ডন আইচকে সিইওর দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়টি গত শুক্রবার মজিলা ব্লগে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন মজিলার চেয়ারওমেন মিচেল বেকার। অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ব্র্যান্ডন ২০০৫ সাল থেকে মজিলার প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পদত্যাগের কারণ হিসেবে জানা যায়, ব্রেন্ডন ২০০৮ সালে সমকামী (গে) বিয়ের বিরুদ্ধে থাকা ‘প্রপোজিশন ৮’ নামের একটি কার্যক্রমে এক হাজার ডলার দান করেন। তাঁকে সিইও ঘোষণা করার পর সমকামী সম্প্রদায় প্রতিবাদ করে। নিজেদের ব্লগে সব সদস্যকে ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার বন্ধের আহ্বান জানায়। পরবর্তী সময়ে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের কথা জানান আইচ। পাশাপাশি পরিচালনা পর্ষদ থেকেও পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। —বিবিসি, টেলিগ্রাফ ও মজিলা ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী